মিকেল মেরিনো ম্যাচের শেষ মূহুর্তে বেলজিয়ামের বিপক্ষে জয়সূচক গোল করার পর উদযাপন করছেন। ছবি: রয়টার্স
আবারও শেষ মুহূর্তে জ্বলে উঠলেন মিকেল মেরিনো। পর্তুগালের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচটা যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন বেলজিয়ামের বিপক্ষে ম্যাচটা শুরু করেছিলেন স্পেনের এই মিডফিল্ডার ।
সেদিন বদলি নেমে শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে বিদায় করে স্পেনকে কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন মেরিনো।
বাংলাদেশ সময় দিবাগত রাত একটার দিকে অনুষ্ঠিত ম্যাচে একইভাবে শেষ মুহূর্তে বদলি নেমে গোল করে বেলজিয়ামের বিপক্ষে নাটকীয় জয় এনে দিয়েছেন তিনি।
এই জয়ে ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে স্পেন, যেখানে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ফ্রান্স।
লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত উপভোগ্য কোয়ার্টার-ফাইনালে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল স্পেনের দখলে।
বল দখল, আক্রমণ ও সুযোগ তৈরিতে এগিয়ে থাকলেও জয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে লা রোহাদের।
ম্যাচের ৩০ মিনিটে দানি ওলমোর শট থিবো কোর্তোয়া ঠেকিয়ে দিলেও ফিরতি বলে ফাবিয়ান রুইজ গোল করে স্পেনকে এগিয়ে দেন।
তবে ৪১ মিনিটে টিমোথি কাস্তানিয়ের নিখুঁত ক্রস থেকে চার্লস ডি কেটেলারারের দুর্দান্ত হেডে সমতায় ফেরে বেলজিয়াম।
এই গোলের মধ্য দিয়ে টুর্নামেন্টে টানা ৬০০ মিনিটের বেশি সময় পর প্রথমবার গোল হজম করে স্পেন।
বিরতির পরও স্পেন আক্রমণের ধার বজায় রাখে। অন্যদিকে বেলজিয়াম পাল্টা আক্রমণে কিছু সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারেনি।
৭২ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন কোর্তোয়া, তার বদলে গোলবারে দাঁড়ান সেনে লামেন্স।
ম্যাচের ৮৮ মিনিটে সেই লামেন্সের ভুলই কাল হয়ে দাঁড়ায় বেলজিয়ামের জন্য। সুযোগটি কাজে লাগিয়ে জয়সূচক গোল করেন বদলি হিসেবে নামা মিকেল মেরিনো।
নকআউট পর্বে টানা দ্বিতীয় ম্যাচে শেষ মুহূর্তের গোল করে দলের ত্রাতা হয়ে ওঠেন স্প্যানিশ মিডফিল্ডার।
এই হারের মধ্য দিয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন কার্যত শেষ হয়ে গেল বেলজিয়ামের সোনালি প্রজন্মের। ২০৩০ বিশ্বকাপে রোমেলু লুকাকু, থিবো কোর্তোয়া ও কেভিন ডি ব্রুইনার খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ।
এদিকে সেমিফাইনালে স্পেনের সামনে অপেক্ষা করছে ফ্রান্স। ডালাসে অনুষ্ঠিতব্য এই লড়াইকে ইতোমধ্যেই অনেকে ‘আগাম ফাইনাল’ হিসেবে দেখছেন।
কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, মাইকেল ওলিসে ও দেজিরে দুয়ের সমন্বয়ে গড়া ফ্রান্সের দুর্দান্ত আক্রমণভাগের বিপরীতে দাঁড়াবে টুর্নামেন্টের অন্যতম সেরা রক্ষণভাগ স্পেন।
তাই দুই ইউরোপীয় পরাশক্তির এই লড়াইয়ে জমজমাট এক সেমিফাইনালের অপেক্ষায় ফুটবল বিশ্ব।