জাতীয় দলের অধিনায়ক ও তারকা ফরোয়ার্ড সাদিও মানে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ছবি: সংগৃহীত
সেনেগাল ফুটবলের এক গৌরবময় অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। জাতীয় দলের অধিনায়ক ও তারকা ফরোয়ার্ড সাদিও মানে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
২০২৬ বিশ্বকাপ থেকে সেনেগালের বিদায়ের কয়েক দিন পর সেনেগালি দৈনিক লে কোটিদিয়েন-এ প্রকাশিত এক বিবৃতিতে ৩৪ বছর বয়সী এই কিংবদন্তি তাঁর সিদ্ধান্তের কথা জানান। এর আগেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে সাম্প্রতিক আফ্রিকা কাপ অব নেশনসই হবে জাতীয় দলের জার্সিতে তাঁর শেষ বড় টুর্নামেন্ট।
দীর্ঘ ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে মানে সেনেগালের হয়ে ১৩২টি ম্যাচে অংশ নিয়ে ৫৫টি গোল করেছেন। নেতৃত্ব, নিবেদন ও ধারাবাহিক নৈপুণ্যে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দেশের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে। বিশেষ করে ২০২১ আফ্রিকা কাপ অব নেশনসে সেনেগালকে প্রথম শিরোপা জেতানোর পেছনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ফ্রান্সের এফসি মেত্জে পেশাদার যাত্রা শুরু করে লিভারপুলে বিশ্বখ্যাতি অর্জনকারী এই ফরোয়ার্ড বিদায় নিচ্ছেন আফ্রিকান ফুটবলের এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে।
অবসরের ঘোষণায় মানে দেশবাসী, সতীর্থ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এই পতাকার জন্য আমি সবকিছু উৎসর্গ করেছি। আমার সর্বোচ্চটুকু দিয়েছি এবং মাতৃভূমির জন্য সবসময় প্রাণপণ লড়াই করেছি।” অতীতে কোনো হতাশার জন্ম দিয়ে থাকলে তার জন্য ক্ষমাও প্রার্থনা করেন তিনি।
তবে জাতীয় দলকে বিদায় জানালেও দেশের ফুটবলের সঙ্গে তাঁর সম্পর্ক শেষ হচ্ছে না। মানে জানিয়েছেন, ভবিষ্যতে কোচিং, পরামর্শক বা প্রশাসনিক কোনো ভূমিকায় নিজের অভিজ্ঞতা দেশের সেবায় কাজে লাগাতে চান। বাম্বালির এই কৃতী সন্তান এখন নতুন অধ্যায়ে পা রাখতে প্রস্তুত।