প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ ঘণ্টা আগে
আপডেট : ১০ ঘণ্টা আগে
কলম্বিয়াকে হারানোর পর উল্লাস সুইজারল্যান্ডের খেলোয়াড়দের। ছবি: রয়টার্স
বিশ্বকাপ ফুটবলে গত কয়েক আসর ধরে নিয়মিত মুখ সুইজারল্যান্ড। কিন্তু খুব বেশি দূরে যাওয়া হয় না। গ্রুপ পর্বটা পার হওয়ার পরই বিদায়ের টিকিট কাটতে বাধ্য হয় দলটি। তবে এবারের আসর ভিন্ন। একের পর এক চমক দেখিয়ে দলটি পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে।
ভ্যানকুয়েভারে অনুষ্ঠিত শেষ ষোলোর লড়াইয়ে মঙ্গলবার রাতে তারা কলম্বিয়াকে হারিয়ে শেষ আটে উঠেছে। নির্ধারিত সময়ে গোলশূন্য ম্যাচে টাইব্রেকারে ৪-৩ গোলে জয় পেয়েছে।
সুইজারল্যান্ডের শেষ আটে ওঠার মাঝ দিয়ে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালের লাইন আপ চূড়ান্ত হলো। সুইজারল্যান্ডের ম্যাচের আগে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর আর্জেন্টিনা ৩-২ গোলে মিসরকে হারিয়ে শেষ আটে খেলা নিশ্চিত করে।
কোয়ার্টার ফাইনালে সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্স মরক্কোর বিপক্ষে খেলবে। স্পেন খেলবে বেলজিয়ামের বিপক্ষে। নরওয়ের প্রতিপক্ষ ইংল্যান্ড। আর শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড।
বিশ্বকাপের শুরুর দিকে সুইজারল্যান্ড নিয়মিত প্রথম রাউন্ড পার হতো। খেলতো কোয়ার্টার ফাইনালে। মাঝের কয়েকটি আসরে তাদের অনুপস্থিতি নিয়মিত হয়ে পড়েছিল। অবশেষে ২০০৬ সাল থেকে আবার তারা নিয়মিত হলেও দ্বিতীয় রাউন্ডে বিদায় নিত। এবার দলটি রূপকথা রচনা করে চলেছে। বারবার আটকে যাওয়ার গেরো খুলেছে। ১৯৫৪ সালের পর এই প্রথম অর্থাৎ ৭২ বছর পর তারা কোয়ার্টার ফাইনালে উঠেছে। প্রথম চার আসরের তিনটিতেই তারা কোয়ার্টার ফাইনালে খেলেছিল।
টাইব্রেকার হওয়ায় কলম্বিয়ার সামনে সুযোগ ছিল কোয়ার্টার ফাইনালে যাওয়ার। কিন্তু দলটি একের পর এক ব্যর্থ হয়েছে। গোল করতে পারেনি। ফলে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে। দাভিনসন সানচেজ ও কুচো হার্নান্দেজ গোল করতে ব্যর্থ হন। এর মধ্যে হার্নান্দেজের শট রুখে দেন সুইজারল্যান্ডের গোলরক্ষক গ্রেগর কোবেল। সুইজারল্যান্ডের হয়ে শুধু মানুয়েল আকাঞ্জি গোল করতে ব্যর্থ হন।
নির্ধারিত সময়ের খেলায় অবশ্য কলম্বিয়ায় গোলের বেশি সুযোগ পেয়েছিল। ১২০ মিনিটের খেলায় অন্তত ১৫টি শট তারা সুইজারল্যান্ডের পোস্ট লক্ষ্য করে নিয়েছিল। তার মধ্যে তিনটি শট লক্ষ্যে ছিল। কর্নার আদায়ও করেছে সাতটি। কিন্তু এ থেকে তারা কোনো সুফল আদায় করতে পারেনি।
ম্যাচে কলম্বিয়া ২১ মিনিটে সবচেয়ে সহজ সুযোগটি পায়। তখন কেভিন পুয়ের্তার দারুণ বাঁকানো শট দুর্দান্ত সেভে ফিরিয়ে দেন সুইজারল্যান্ডের গোলরক্ষক কোবেল। ম্যাচে সুইসদের সামনে সহজ সুযোগ এসেছিল দ্বিতীয়ার্ধের শুরুতে। এনদোয়ের পাস থেকে জিব্রিল সো ফাঁকা অবস্থায় বল পেয়েছিলেন কিন্তু তার শট অল্পের জন্য বাইরে চলে যায়।