× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন ইতিহাসের সন্ধানে মিসর

আর্জেন্টিনার লক্ষ্য শেষ আট

রুমেল খান

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬ ১৩:০০ পিএম

আপডেট : ০৭ জুলাই ২০২৬ ১৮:৫৪ পিএম

মোহাম্মদ সালাহ ও লিওনেল মেসি। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

মোহাম্মদ সালাহ ও লিওনেল মেসি। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ১৬ বা প্রি-কোয়ার্টার ফাইনালের মঞ্চে আজ মঙ্গলবার আটলান্টার মার্সিডিজ-বেঞ্চ স্টেডিয়ামে এক হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং আফ্রিকার অন্যতম সফল পরাশক্তি মিসর। মাঠের লড়াইয়ে কেবল কোয়ার্টার ফাইনালের টিকিট কাটার রেস নয়, ফুটবলপ্রেমীদের চোখ থাকবে বিশ্ব ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি এবং মোহামেদ সালাহর দ্বৈরথের দিকে। দুই কিংবদন্তির সামনেই আগামীকাল রয়েছে নতুন এক ইতিহাস লেখার সুবর্ণ সুযোগ।

মেসির সামনে নতুন দেশ শিকারের অনন্য সুযোগ

আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে লিওনেল মেসি ফুটবল ইতিহাসের প্রায় সব রেকর্ডই নিজের করে নিয়েছেন। বিশ্বের হেন কোনো শক্তিশালী দেশ নেই যাদের বিপক্ষে এলএমটেন জালের দেখা পাননি। তবে আন্তর্জাতিক ফুটবলের এই দীর্ঘ পথচলায় একটি জায়গায় মেসির খাতা এখনও শূন্য তিনি কখনোই মিসরের বিপক্ষে কোনো গোল করতে পারেননি (এ পর্যন্ত ৪৪ দেশের বিপক্ষে ১২৪ গোল)। আগের ম্যাচেই নতুন দেশ হিসেবে কেপ ভার্দের বিপক্ষে গোল করেছেন। আজ মিসরের বিপক্ষে গোল করলে আফ্রিকার দেশটি তার তালিকার ৪৫তম দেশ হবে। এই ম্যাচটি তাই মেসির জন্য এক নতুন চ্যালেঞ্জ। গ্রুপ পর্বে দুর্দান্ত ফর্মে থাকা মেসি চাইবেন নকআউটের এই গুরুত্বপূর্ণ ম্যাচেও গোল করে দলকে কোয়ার্টার ফাইনালে নিয়ে যেতে। একই সাথে আর্লিং হাল্যান্ড ও কিলিয়ান এমবাপের সাথে গোল্ডেন বুটের লড়াইয়ে নিজের অবস্থান আরও মজবুত করাও হবে তার অন্যতম লক্ষ্য।

কোচের রেকর্ড ভাঙার দোরগোড়ায় সালাহ

অন্যদিকে মিসর শিবিরের সব আলো কেড়ে নিচ্ছেন ‘ইজিপশিয়ান কিং’ মোহামেদ সালাহ। মেসির মতো সালাহও তার ক্যারিয়ারে কখনও আর্জেন্টিনার বিপক্ষে গোল করতে পারেননি। তবে এই ম্যাচে সালাহ যদি আলবিসেলেস্তেদের জালে বল জড়াতে পারেন, তবে সেটি হবে মিসর ফুটবলের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। কেননা আর্জেন্টিনার বিপক্ষে কাল একটি গোল করলেই সালাহ নিজের দেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষস্থান স্পর্শ করবেন। আর এই রেকর্ডে তিনি যাকে স্পর্শ করবেন, তিনি আর কেউ ননÑ মিসর জাতীয় দলের বর্তমান কোচ হোসাম হাসান (৬৯ গোল)। নিজের গুরুর এমন এক অনন্য কীর্তিকে স্পর্শ করার জন্য সালাহর সামনে এর চেয়ে বড় এবং মহিমান্বিত মঞ্চ আর হতেই পারে না।

শক্তির সমীকরণ ও হেড-টু-হেড

কাগজে-কলমে এবং সাম্প্রতিক ফর্মের বিচারে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা এই ম্যাচে স্পষ্ট ফেভারিট। রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ এবং হুলিয়ান আলভারেজদের নিয়ে গড়া আর্জেন্টিনার মাঝমাঠ ও আক্রমণভাগ যেকোনো দলের জন্যই দুঃস্বপ্ন। তবে মিসর দলটিকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। কোচ হোসাম হাসানের অধীনে মিসর ডিফেন্সে অনেক বেশি জমাট এবং কাউন্টার অ্যাটাকে সালাহর গতিকে ব্যবহার করে তারা যেকোনো পরাশক্তিকে স্তব্ধ করে দিতে পারে।

অতীত পরিসংখ্যান বলছে, আন্তর্জাতিক ফুটবলে এই দুই দলের দেখা হয়েছে মাত্র একবার। ২০০৮ সালের ২৬ মার্চ অনুষ্ঠিত সেই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আর্জেন্টিনা জিতেছিল ২-০ গোলে। 

এবারের আসরে জে-গ্রুপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা একে একে হারায় আলজেরিয়াকে ৩-০, অস্ট্রিয়াকে ২-০ এবং জর্ডানকে ৩-০ গোলে। পক্ষান্তরে জি-গ্রুপের রানার্সআপ দল ছিল মিসর। তারা বেলজিয়ামের সঙ্গে ১-১ গোলে ড্র করে, নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারায় এবং ইরানের সঙ্গে ১-১ গোলে ড্র করে শেষ ৩২-এ নাম লেখায়। শেষ ৩২-এ আর্জেন্টিনা কেপ ভার্দেকে ৩-২ গোলে এবং মিসর অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে ৪-২ (১-১) গোলে হারিয়ে প্রি-কোয়ার্টারে উন্নীত হয়।

মগজান্ত্রের লড়াই- স্কালোনি বনাম হোসাম

ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার রণকৌশলী কোচ লিওনেল স্কালোনি বেশ সতর্ক বার্তা দিয়েছেন, ‘নকআউট পর্বে প্রতিটি ম্যাচই ফাইনাল। মিসরের সালাহ এক নিমেষেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমাদের ডিফেন্সকে পুরো ৯০ মিনিট মনোযোগী থাকতে হবে।’

অন্যদিকে মিসরীয় কোচ হোসাম হাসান তার শিষ্য সালাহর ওপর পূর্ণ আস্থা রাখছেন, ‘আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন, আমরা তাদের সম্মান করি। তবে আমাদের হারানোর কিছু নেই। সালাহ যদি তার চেনা ছন্দে থাকে, তবে কালকের রাতটি মিসরীয় ফুটবলের জন্য ঐতিহাসিক এক রাত হতে যাচ্ছে।’

বিশ্বকাপের টিকিট নিশ্চিতের এই মরণপণ লড়াইয়ে শেষ হাসি কে হাসবেন? মেসির ২ নম্বর ফিফা র‌্যাঙ্কিংধারী (গতকাল ফিফার নতুন ঘোষিত র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়ে আর্জেন্টিনা) ‘লা আলবিসেলেস্তে’ খ্যাত আর্জেন্টিনা নাকি সালাহর ২৪ নম্বর র‌্যাঙ্কিংধারী ‘দ্য ফারাওস’ খ্যাত মিসর? দুই মহাতারকার ব্যক্তিগত রেকর্ডের হাতছানি আর দেশের মর্যাদার এই মহাযুদ্ধ। তা ছাড়া আজকের এই ম্যাচে জিতলে মিসর তাদের বিশ্বকাপের ইতিহাসে শেষ আটে গিয়ে সেরা সাফল্য দেখাবে। ফলে নতুন ইতিহাসের সন্ধান পেতে মরিয়া থাকবে তারা। পক্ষান্তরে কেপ ভার্দের মতো মিসরের রূপকথাও থামিয়ে দিতে মরিয়া থাকবে আর্জেন্টিনা। 

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

মার্তিনেজ, মলিনা, রোমেরো, লিসান্দ্রো, তাগলিয়াফিকো, ডি পল, ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, মেসি, আলভারেজ, গঞ্জালেস। 

মিসরের সম্ভাব্য একাদশ

শেনাউই, হ্যানি, আব্দেলমোনেম, হেগাজি, হামদি, হামদি, ফাতি, ইমাশ, সালাহ, মোস্তফা, মারমুশ।

বিশ্বকাপে আর্জেন্টিনার সেরা সাফল্য

চ্যাম্পিয়ন ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২

বিশ্বকাপে মিসরের সেরা সাফল্য

রাউন্ড অব সিক্সটিন ১৯৩৪ ও ২০২৬

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা