ভিনিসিয়াস জুনিয়র ও আর্লিং হালান্ড। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলÑ নাকি আর্লিং হালান্ডের নরওয়ে! বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে ফেভারিট কারা? এই প্রশ্নে হয়তো ব্রাজিলকেই এগিয়ে রাখবেন দর্শকরা।
অবশ্য কাগজে-কলমেও ব্রাজিলই ফেভারিট। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ পাঁচবার শিরোপা জিতেছে সেলেসাওরা। তবে মুখোমুখি পরিসংখ্যান ব্রাজিলের জন্য মোটেও স্বস্তিদায়ক নয়।
আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে ব্রাজিল ও নরওয়ে। সেখানে একবারও জয় পায়নি ব্রাজিল।
চার ম্যাচের দুটিতে জয় পেয়েছে নরওয়ে, বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।
ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত ২টায়। নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে এই ম্যাচের অপেক্ষায় কোটি ফুটবলভক্ত।
বিশ্বকাপে দুই দলের একমাত্র সাক্ষাৎ হয়েছিল ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে। গ্রুপ পর্বের সেই ম্যাচে ২-১ গোলে ব্রাজিলকে হারিয়ে চমক দেখিয়েছিল নরওয়ে।
প্রায় ২৮ বছর পর আবার বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে দুই দল। তাই পুরনো সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার সুযোগ পাচ্ছে ব্রাজিল।
এবারের বিশ্বকাপে দুই দলই দারুণ ছন্দে আছে। গ্রুপ পর্বে ব্রাজিল নিজেদের গ্রুপে শীর্ষস্থান দখল করে নকআউটে ওঠে।
শেষ বত্রিশে জাপানের বিপক্ষে পিছিয়ে থেকেও ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে কার্লো আনচেলত্তির শিষ্যরা। অন্যদিকে নরওয়ে গ্রুপ ‘আই’ থেকে রানার্সআপ হয়ে নকআউটে ওঠে।
এরপর শেষ বত্রিশে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট ম্যাচ জয়ের স্বাদ পায় তারা।
সেই আত্মবিশ্বাস নিয়েই এবার ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে স্ক্যান্ডিনেভিয়ানরা। তবে নকআউট পর্বের অভিজ্ঞতায় অবশ্য ব্রাজিল অনেক এগিয়ে।
বিশ্বকাপ ইতিহাসে অসংখ্যবার নকআউট খেলেছে তারা এবং শেষ ষোলোর ১০ ম্যাচের মধ্যে মাত্র একটিতে বিদায় নিয়েছে।
অবশ্য সাম্প্রতিক নকআউট রেকর্ড ব্রাজিলের জন্য উদ্বেগের। ২০০২ সালের ফাইনালে জার্মানিকে হারানোর পর বিশ্বকাপের নকআউটে আর কোনো ইউরোপীয় দলকে হারাতে পারেনি সেলেসাওরা।
দুই দলের শক্তির জায়গাও ভিন্ন। ব্রাজিলের আক্রমণে ভিনিসিয়ুস জুনিয়র, নেইমার, রাফিনিয়া ও ব্রুনো গিমারায়েস থাকলেও নরওয়ের সবচেয়ে বড় ভরসা আর্লিং হালান্ড।
সঙ্গে মার্টিন ওদেগার্ড ও আলেকজান্ডার সোরলোথও আক্রমণে দারুণ ছন্দে রয়েছেন। নকআউটে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে নরওয়ে।
তবে ব্রাজিলের অন্যতম সেরা তারকা নেইমার এই ম্যাচে খেলবে কি না তাও নিশ্চিত নয়। তবে ম্যাচের শেষ দিকে হয়তো নেইমারকে একাদশে রাখতে পারেন।