প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২ ঘণ্টা আগে
ইকুয়েডরের বিপক্ষে দ্বিতীয় গোল করার পর উদযাপন করেন মেক্সিকোর খেলোয়াড়রা। ছবি: ইপিএ
২০২৬ ফিফা বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকো শেষ ৩২-এর ম্যাচে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে।
এই জয়ে বিশ্বকাপের নকআউট পর্বে ৪০ বছরের জয়খরা কাটাল মেক্সিকো। ১৯৮৬ সালের পর এবারই প্রথম বিশ্বকাপের নকআউট ম্যাচ জিতে শেষ ষোলোতে উঠল এল ত্রি।
প্রতিকূল আবহাওয়ার কারণে ম্যাচটি এক ঘণ্টা বিলম্বে শুরু হলেও মাঠে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে স্বাগতিকরা।
প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় মেক্সিকো। ২২ মিনিটে হুলিয়ান কুইনিওনেস গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ৩১ মিনিটে রাউল হিমেনেস দুর্দান্ত ফিনিশে ব্যবধান দ্বিগুণ করেন। এই দুই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
দ্বিতীয়ার্ধে ইকুয়েডর বলের দখল বাড়ানোর চেষ্টা করলেও মেক্সিকোর সংগঠিত রক্ষণভাগ ভাঙতে পারেনি। উল্টো স্বাগতিকরা আরও কয়েকটি সুযোগ তৈরি করে। যোগ করা সময়ে ইকুয়েডরের পিয়েরো হিনকাপিয়ে লাল কার্ড দেখলে তাদের প্রত্যাবর্তনের সম্ভাবনাও শেষ হয়ে যায়।