প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
নিজেদের প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করে জিম্বাবুয়, প্রয়োজন হয়নি দ্বিতীয়বার ব্যাট করার। ছবি: ইএসপিএন ক্রিকইনফো
হারারেতে একমাত্র টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ৮৫ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। এর মধ্য দিয়ে ২৫ বছর পর বাংলাদেশের বিপক্ষে ইনিংস ব্যবধানে জয়ের স্বাদ পেল স্বাগতিকরা।
ম্যাচের শুরু থেকেই ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ছন্দহীন ছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে ৩ উইকেটে ১১৩ রান থেকে ধসে পড়ে ১৪০ রানে অলআউট হয় টাইগাররা। ওই ইনিংসে একমাত্র মুমিনুল হক ৮১ বলে ৬০ রান করেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ১৯ রান, আর কেউ উল্লেখযোগ্য ইনিংস খেলতে পারেননি।
জবাবে দুর্দান্ত ব্যাটিং করে জিম্বাবুয়ে। দুই ওপেনারের ৮৯ রানের জুটির পর ইনোসেন্ট কাইয়ার ২২৭ বলে ১৪০ রানের অসাধারণ ইনিংসে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় স্বাগতিকরা।
এছাড়া ওয়েসলি মাধেভেরে ৭৭, ক্রেইগ আরভিন ৬০ এবং ব্রায়ান বেনেট ৫৯ রান করে দলকে বড় সংগ্রহ এনে দেন। প্রথম ইনিংসে ৪১০ রানে অলআউট হয় জিম্বাবুয়ে, ফলে বাংলাদেশ পড়ে ২৭০ রানের বিশাল ঘাটতিতে।
বাংলাদেশের হয়ে বল হাতে একাই লড়াই করেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ১৩৮ রান দিয়ে ৭ উইকেট শিকার করেন তিনি। খালেদ আহমেদ নেন ২টি উইকেট।
২৭০ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে নেমেও ভালো শুরু করতে পারেনি বাংলাদেশ। ৪১ রানের মধ্যেই ফিরে যান দুই ওপেনার। দ্বিতীয় দিনের শেষ বিকেলে সাদমান ইসলাম আউট হওয়ার পর তৃতীয় দিনের শুরুতেই সাজঘরে ফেরেন মাহমুদুল হাসান জয়। এরপর মুমিনুল হকও মাত্র ১৩ রান করে বিদায় নিলে চাপে পড়ে সফরকারীরা।
চতুর্থ উইকেটে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম ৬৩ রানের জুটি গড়ে কিছুটা আশা জাগান। তবে নিয়ামহুরির দুর্দান্ত ইয়র্কারে ৩০ রান করে শান্ত আউট হলে সেই আশা ফিকে হয়ে যায়। এরপর ৩৪ রান করা মুশফিকুর রহিমও ফিরে গেলে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা শেষ হয়ে যায়।
শেষদিকে অভিষিক্ত অমিত হাসান ২৫ বলে ২৫ রান করে ব্যবধান কিছুটা কমানোর চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত ১৮৫ রানে অলআউট হয় বাংলাদেশ। শেষ ব্যাটার হিসেবে হাসান মাহমুদ ক্যাচ দিয়ে আউট হন। ফলে ইনিংস ও ৮৫ রানের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় টাইগারদের।
জিম্বাবুয়ের হয়ে দ্বিতীয় ইনিংসে ব্লেসিং মুজারাবানি ৪ উইকেট শিকার করেন। প্রথম ইনিংসেও তিনি নিয়েছিলেন ২ উইকেট। রিচার্ড এনগারাভা নেন ৩ উইকেট, আর প্রথম ইনিংসে চার উইকেট পাওয়া নিয়ামহুরি দ্বিতীয় ইনিংসে যোগ করেন আরও ২টি উইকেট।