হারারে টেস্ট
জিম্বাবুয়ের ওপেনার ইনোসেন্ট কাইয়া তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেটের ফেসবুক ফেজ থেকে
হারারে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে বাংলাদেশের হয়ে একাই লড়লেন তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনারের দুর্দান্ত বোলিংয়ে একাই ৭ উইকেট নিলেও প্রথম ইনিংসে ২৭০ রানের বড় লিড নিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। দ্বিতীয় দিন শেষে ২৪০ রানে পিছিয়ে আছে সফরকারী বাংলাদেশ।
টস হেরে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৪০ রানে অলআউট হয় বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে শুরু থেকেই চাপে ছিল বাংলাদেশ। খেলতে পারেনি পুরো একদিনও। মাত্র ৪৭.২ ওভারে ১৪০ রানে অলআউট হয় বাংলাদেশ।
বাংলাদেশকে দ্রুত অলআউট করে প্রথম দিনেই মাঠে নামে জিম্বাবুয়ে। মাত্র এক উইকেটে ১৩৬ রান নিয়ে প্রথম দিন শেষ করে স্বাগতিকরা।
দ্বিতীয় দিনের প্রথম সেশনেও বাংলাদেশের বোলারদের ওপর আধিপত্য বজায় রাখেন জিম্বাবুয়ের ব্যাটাররা। ওপেনার ইনোসেন্ট কাইয়া তুলে নেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। মধ্যাহ্নভোজ বিরতির আগে দুই উইকেটে ২৪৯ রান করে স্বাগতিকরা।
দ্বিতীয় সেশনে বাংলাদেশের হয়ে আঘাত হানেন তাইজুল ইসলাম। ব্রায়ান বেনেটকে ফিরিয়ে ১০৭ রানের জুটি ভাঙেন তিনি। ৬৭ বলে ৫৯ রান করে ফেরেন বেনেট। এরপর ২২৭ বলে ১৪০ রান করা ইনোসেন্ট কাইয়াকেও সাজঘরের পথ দেখান এই বাঁহাতি স্পিনার। পরপর দুই সেট ব্যাটারকে ফিরিয়ে জিম্বাবুয়ের রানের গতি কিছুটা কমিয়ে দেন তিনি।
এরপর ক্রেইগ আরভিন ও ওয়েসলি মাধেভেরে আবারও ইনিংস গুছিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে ৬০ রান করা আরভিনকেও নিজের শিকারে পরিণত করেন তাইজুল। একপ্রান্তে ওয়েসলি মাধেভেরে ৭৭ রানে অপরাজিত থাকলেও অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। তাইজুলের ঘূর্ণিতে শেষ পর্যন্ত ৪১০ রানেই অলআউট হয় স্বাগতিকরা।
ইনিংসে ৭ উইকেট নিয়ে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার ছিলেন তাইজুল ইসলাম। তবে তার দুর্দান্ত বোলিংও বাংলাদেশের প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতা ঢাকতে পারেনি।
২৭০ রানের বিশাল ব্যবধানে পিছিয়ে থেকে সোমবার নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। শেষ বিকেলে ব্যাট করতে নেমে ৯ ওভারে ১ উইকেটে ৪০ রান করে বাংলাদেশ। ১১ বলে ৯ রান করে রিচার্ড এনগারাভার বলে ফিরে গেছেন সাদমান ইসলাম। মাহমুদুল হাসান জয়ের (২১) সঙ্গে ক্রিজে আছেন মুমিনুল হক (৯)।
দলের হতাশার দিনে ব্যতিক্রম ছিলেন তাইজুল ইসলাম। দুর্দান্ত বোলিং করে ৭ উইকেট শিকার করার পাশাপাশি বাংলাদেশের টেস্ট ইতিহাসের একাধিক রেকর্ডে নাম লিখিয়েছেন বাঁহাতি স্পিনার।
জিম্বাবুয়ের বিপক্ষে ৭ উইকেট নেওয়ার মাধ্যমে দেশের বাইরে টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি পাঁচ উইকেট শিকারের কীর্তি এখন তাইজুলের দখলে।
বিদেশের মাটিতে এটি তার ষষ্ঠ ফাইফার। এর আগে এই তালিকায় শীর্ষে ছিলেন সাকিব আল হাসান, যার পাঁচ উইকেট ছিল পাঁচবার। মোহাম্মদ রফিক ও মেহেদী হাসান মিরাজ নিয়েছেন তিনবার করে।
শুধু পাঁচ উইকেটই নয়, হারারেতে ৭ উইকেট নিয়ে দেশের বাইরে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ডও নিজের করে নিয়েছেন তাইজুল। তার ৭ উইকেটে ১৩৮ রান এখন বিদেশের মাটিতে বাংলাদেশের কোনো বোলারের সেরা টেস্ট ইনিংস। এর আগে এই রেকর্ডও ছিল সাকিব আল হাসানের, যিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিয়েছিলেন ৬ উইকেটে ৩৩ রান।