মোহামেদ সালাহ। ছবি: সংগৃহীত
১৯৩৪, ১৯৯০ ও ২০১৮Ñ তিনটি বিশ্বকাপে অংশ নিয়ে মিসর কোনো ম্যাচ জিততে পারেনি। সেই খরা এবার কেটেছে মোহামেদ সালাহর নেতৃত্বে।
লিভারপুল তারকা গত ২২ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-১ ব্যবধানের জয়ে একটি গোল করার পাশাপাশি একটিতে অ্যাসিস্ট করেন।
মিসর তাদের শেষ গ্রুপ ম্যাচে ইরানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে নিশ্চিত করেছে নকআউটের টিকিট। এই ম্যাচেই হাঁটুর চোটে পড়েন দলটির সবচেয়ে বড় তারকা সালাহ। ম্যাচের ৫৭তম মিনিটে সালাহকে বদলি করে মাঠে নামানো হয় মোস্তফা জিকোকে।
সালাহর চোটের বিষয়টি নিশ্চিত করেছেন মিসরের কোচ হোসাম হাসান। তিনি জানিয়েছেন, দলের চিকিৎসকরা সালাহর অবস্থা পর্যবেক্ষণ করছেন। দল হোটেলে ফিরে গেলে তার আরও একটি পরীক্ষা করা হবে।
হাসান বলেন, “আমি সালাহর সঙ্গে কথা বলেছি। ও বলেছে, ও ঠিক হয়ে যাবে এবং চোটটি গুরুতর নয়। চিকিৎসকদের সঙ্গে কথা বলার জন্য আমাদের এখনও সময় আছে। আমার বিশ্বাস সে ফিরে আসবে। আমি যখন তার সঙ্গে কথা বলেছি, সে আমাকে আশ্বস্ত করেছে যে সব ঠিক হয়ে যাবে।”
শেষ ৩২-এ মিসর প্রতিপক্ষ হিসেবে পেয়েছে অস্ট্রেলিয়াকে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩ জুলাই। ওই ম্যাচে সালাহ খেলতে না পারলে সেটি মিসরের জন্য বড় ধাক্কা হবে।