প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১ ঘণ্টা আগে
আপডেট : ১ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা পাবেন এই বুট। ছবি: সংগৃহীত
ফুটবলে বিশ্বে প্রায় সব পুরস্কারই জয় করেছেন লিওনেল মেসি। ক্লাব ফুটবলে একের পর এক শিরোপা জয়ের পর এখন তার নজর বিশ্বকাপে। ২০২২ সালে না পাওয়া বিশ্বকাপ জয় করেছেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল তো জয় করেছেন দুইবার। কিন্তু টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পুরস্কারটা এখনও অধরা। কাতার বিশ্বকাপে গোল্ডে বুটের খুব কাছে গিয়ে ফিরতে হয়েছিল মেসিকে। ফাইনালের আগে পাঁচ গোল করে সম্ভাবনা তৈরি করেছিলেন। ফাইনালে দুই গোল করে সেই সম্ভাবনা আরও উজ্জ্বল করেছিলেন। তবে এমবাপে ফাইনালে হ্যাটট্রিক করে মেসির গোল্ডেন বুট কেড়ে নেন।
ক্যারিয়ারের শেষ সময়ে এসে আবার গোল্ডেন বুট জয়ের দৌড়ে শামিল হয়েছেন মেসি। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষে তিন ম্যাচে ছয় গোল করে এখন তিনি গোল্ডেন বুটের দৌড়ে সবার থেকে এগিয়ে আছেন। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে তিন গোল করেন তিনি। পরের ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে করেন জোড়া গোল। আর শেষ ম্যাচে এক গোল।
রবিবার সকালে অনুষ্ঠিত জর্ডানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে শুরুর একাদশে ছিলেন না মেসি। বদলি খেলোয়াড় হিসেবে ৬০ মিনিটের সময় মাঠে নামেন আজেন্টিনার অধিনায়ক। ফ্রি কিকে অসাধারণ এক গোলে গোল্ডেন বুট জয়ের দৌড়ে নিজেকে অনেকটা এগিয়ে নেন। ছয় গোল করে এককভাবে এখন শীর্ষে আটবারের ব্যালন ডি অর জয়ী মেসি। তাকে পেছন থেকে অনুসরণ করে চলেছেন গতবারের গোল্ডেন বুট জয়ী কিলিয়ান এমবাপে। চার গোল তার। এমবাপের পাশাপাশি দৌড়ে আরও আছেন এমবাপের সতীর্থ উসমান দেম্বেলে, ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র ও নরওয়ের আলিং হালান্ড। সবারই গোল চারটি করে।