ঢাবির সাবেক শিক্ষার্থী ও তার স্ত্রীকে হেনস্তার প্রতিবাদের অংশ হিসেবে রবিবার সকালে দলবদ্ধভাবে মাঠে বসে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ দেখেছেন ঢাবির নারী শিক্ষার্থীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলে স্ত্রীকে সঙ্গে নিয়ে বিশ্বকাপের ম্যাচ দেখতে এসে এক সাবেক শিক্ষার্থী হেনস্তার শিকার হয়েছেন, এমন অভিযোগকে কেন্দ্র করে প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা।
প্রতিবাদের অংশ হিসেবে রবিবার সকালে তারা দলবদ্ধভাবে মাঠে বসে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ দেখেছেন তারা।
জানা যায়, শুক্রবার দিবাগত রাতে ফ্রান্স-নরওয়ে ম্যাচ দেখতে স্ত্রীকে নিয়ে শহীদুল্লাহ হলে যান ওই সাবেক শিক্ষার্থী। সেখানে হল সংসদের সমাজসেবা সম্পাদক মো. সাজুর হাতে তিনি ও তার স্ত্রী হেনস্তার শিকার হন বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রতিবাদের ডাক আসে। কবি সুফিয়া কামাল হল সংসদের ভিপি সানজানা চৌধুরী রাত্রী এ ঘটনার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেন।
তিনি ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান, “শহীদুল্লাহ হলে সাম্প্রতিক নারীবিদ্বেষী ঘটনার প্রতিবাদে আগামীকাল সকাল ৮টায় আর্জেন্টিনা–জর্ডান ম্যাচ আমরা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা একসঙ্গে শহীদুল্লাহ হল মাঠে অবস্থান নিয়ে উপভোগ করব।”
ঘোষণা অনুযায়ী, রবিবার সকালে নারী শিক্ষার্থীরা শহীদুল্লাহ হল মাঠে একত্রিত হয়ে বড় পর্দায় খেলা দেখেন। পরে তারা জানান, ম্যাচ শেষে ক্যাম্পাসে নারীদের নিরাপত্তা, মর্যাদা এবং অবাধ চলাচলের অধিকার নিশ্চিতের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে স্মারকলিপি দেওয়া হবে।
নারী শিক্ষার্থীদের দাবি, ক্যাম্পাসে নারীবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং যেকোনো ধরনের হয়রানির ঘটনার বিরুদ্ধে প্রশাসনের দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।