৯৩তম মিনিটে মাহরেজের দ্বিতীয় গোলে আলজেরিয়ার বাঁধভাঙা উল্লাস। ছবি: ইএসপিএন
বিশ্বকাপের গ্রুপ পর্বে দারুণ এক নাটকীয় ম্যাচ উপহার দিল আলজেরিয়া ও অস্ট্রিয়া। ছয় গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে ৩-৩ গোলে ড্র করে দুই দলই নিশ্চিত করেছে শেষ ষোলোর টিকিট। আর এই ড্রয়ের কারণে শেষ মূহুর্তে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে ইরানকে।
কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে রবিবার ম্যাচের প্রথমে এগিয়ে যায় অস্ট্রিয়া। ২৮তম মিনিটে ডেভিড আলাবার লং পাস নিয়ন্ত্রণে এনে নিখুঁত ফিনিশে দলকে লিড এনে দেন অভিজ্ঞ ফরোয়ার্ড মার্কো আরনাউতোভিচ।
প্রথমার্ধের শেষ দিকে সমতায় ফেরে আলজেরিয়া। কর্নার ফ্ল্যাগে লেগে ফিরে আসা বল কাজে লাগিয়ে তিন ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো শটে গোল করেন রাফিক বেলগালি।
বিরতির পর আবারও এগিয়ে যায় অস্ট্রিয়া। ৫৫তম মিনিটে দারুণ এক অ্যাটাক থেকে কনরাড লাইমারের ক্রসে বক্সের বাইরে থেকে অসাধারণ শটে জাল বল জড়ান মার্সেল সাবিৎজার।
তবে পাঁচ মিনিটের মধ্যেই আবারও সমতা ফেরে আলজেরিয়া। হুসেম আওয়ারের নিখুঁত ক্রস থেকে জোরালো শটে গোল করেন সাবেক ম্যানচেস্টার সিটি তারকা রিয়াদ মাহরেজ।
ম্যাচের শেষ দিকে দুই দলই যেন ড্র নিয়েই সন্তুষ্ট ছিল। কারণ এক পয়েন্ট পেলেই নকআউট নিশ্চিত হচ্ছিল উভয়ের। কিন্তু যোগ করা সময়ে ম্যাচে ফের নাটকীয়তা ফিরে আসে।
৯৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে আলজেরিয়াকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন মাহরেজ। তবে শেষ বাঁশি বাজার ঠিক আগে বদলি হিসেবে নামা সাসা কালাইজডজিচ হেডে সমতা ফিরিয়ে অস্ট্রিয়াকে ৩-৩ ড্র এনে দেন।
এই ড্রয়ের ফলে গ্রুপ ‘জে’-তে দুই দলেরই সংগ্রহ হয় চার পয়েন্ট। পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। গোল ব্যবধানে দ্বিতীয় হয়ে শেষ ষোলোতে উঠেছে অস্ট্রিয়া, আর তৃতীয় হলেও সেরা তৃতীয় স্থানধারী দল হিসেবে নকআউট নিশ্চিত করেছে আলজেরিয়া। ফলে শেষ ষোলোর স্বপ্ন শেষ হয়ে যায় ইরানের।
নকআউট পর্বে আলজেরিয়ার প্রতিপক্ষ সুইজারল্যান্ড। আর গ্রুপ রানার্সআপ অস্ট্রিয়ার সামনে অপেক্ষা করছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের কঠিন পরীক্ষা।
ম্যাচের আগে দুই দল ইচ্ছাকৃতভাবে দ্বিতীয় স্থান এড়ানোর চেষ্টা করবে কি না, তা নিয়ে নানা জল্পনা ছিল। কারণ দ্বিতীয় হলে স্পেনের মুখোমুখি হওয়ার সম্ভাবনা ছিল। তবে দুই কোচই ম্যাচ গড়াপেটার সম্ভাবনা উড়িয়ে দেন এবং মাঠের রোমাঞ্চকর লড়াই প্রমাণ করে দেয়, দুই দলই জয়ের লক্ষ্য নিয়েই খেলেছিল।