উইসার জোড়া গোলেই নিশ্চিত হয় ডিআর কঙ্গোর ঐতিহাসিক জয়। ছবি: দ্যা গার্ডিয়ান
ইয়োয়ানে উইসার জোড়া গোলে উজবেকিস্তানকে ৩-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ডিআর কঙ্গো। একই সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে নিজেদের প্রথম জয়ও তুলে নিয়েছে আফ্রিকার দলটি। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
আটলান্টায় রবিবার ম্যাচে শুরুটা অবশ্য দারুণ করেছিল উজবেকিস্তান। ম্যাচের ১১তম মিনিটে ছোট্ট কোণ থেকে গোলরক্ষক লিওনেল এমপাসির মাথার ওপর দিয়ে নিখুঁত লব শটে দলকে এগিয়ে দেন অধিনায়ক এলদর শোমুরোদভ। এর আগে ৩০ সেকেন্ডেই বল জালে পাঠালেও অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়েছিল।
গোল হজমের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ডিআর কঙ্গো। নাথানায়েল এমবুকু দুর্দান্ত এক শটে সমতা ফেরালেও ভিএআর পর্যালোচনায় ফাউলের কারণে গোলটি বাতিল হয়।
তবে ম্যাচের মোড় ঘুরে যায় দ্বিতীয়ার্ধে। ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার আবদুকোদির খুসানোভের বেপরোয়া ট্যাকলে পেনাল্টি পায় ডিআর কঙ্গো। স্পট কিক থেকে কোনো ভুল না করে সমতা ফেরান ইয়োয়ানে উইসা। প্রায় ৭০ হাজার দর্শকের গর্জনে তখন মুখর হয়ে ওঠে স্টেডিয়াম।
এর মাত্র দুই মিনিট পরই এগিয়ে যায় আফ্রিকার দলটি। মেশাক এলিয়ার ডিফ্লেক্টেড শটের সুযোগ কাজে লাগিয়ে ফিস্টন মায়েলে গোল করে কঙ্গোকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।
যোগ করা সময়ে বক্সের বাইরে থেকে দারুণ কার্লিং শটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন উইসা। তার জোড়া গোলেই নিশ্চিত হয় ডিআর কঙ্গোর ঐতিহাসিক জয়।
প্রসঙ্গত, বিশ্বাকাপের এবারের আসরে অংশ নেওয়া ১০টি আফ্রিকান দলের মধ্যে কেবল তিউনিসিয়াই বিদায় নিয়েছে। অন্যদিকে, শনিবারের শেষ রাউন্ডের গ্রুপ ম্যাচে জয় পেলে আলজেরিয়াও শেষ ৩২-এ যাওয়া হওয়া অন্য আটটি দলের কাতারে শামিল হতে পারে।