প্রবা ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৩ ১০:১৩ এএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৩ ১০:৫৯ এএম
ফুটবল সম্রাট পেলে
ব্রাজিলের সাও পাওলোতে এ মুহূর্তে ব্যস্ততা তুঙ্গে। সোমবার (২ জানুয়ারি) ভোরে প্রিয় সান্তোস ক্লাবের ভিলা বেলমিরো স্টেডিয়ামে শেষবারের মতো নিয়ে যাওয়া হবে ফুটবল সম্রাট পেলেকে।
আউটলুক ইন্ডিয়া জানিয়েছে, দীর্ঘ অসুস্থতার পর বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ৮২ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন পেলে।
সোমবার ভোরবেলায় হাসপাতাল থেকে ফুটবল সম্রাটের মরদেহ নিয়ে যাওয়া হবে সান্তোসের ভিলা বেলমিরো স্টেডিয়ামে।
যে মাঠের সবুজ ঘাসে বল পায়ে তিনি আলপনা এঁকেছেন, অসংখ্য স্মরণীয় গোল করে সান্তোসকে সাফল্যের শিখরে নিয়ে গিয়েছিলেন, সেখানেই সোমবার সকাল থেকে শায়িত থাকবেন তিনি।
ভিলা বেলমিরো স্টেডিয়ামে সকাল ১০টা থেকে শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। স্টেডিয়ামের ২ ও ৩ নম্বর গেট দিয়ে তারা প্রবেশ করতে পারবেন।
৭ ও ৮ নম্বর গেট দিয়ে বের হবেন তারা। মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল ১০টা পর্যন্ত ফুটবল সম্রাটের দেহ রাখা থাকবে এ মাঠেই। তারপর শুরু হবে শেষযাত্রা।
সান্তোসের বিভিন্ন রাস্তায় ঘোরানো হবে পেলের কফিন। ফুটবল সম্রাটকে তার পৈতৃক বাড়ির সামনে দিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনাও রয়েছে। সেখানেই শয্যাশায়ী রয়েছেন পেলের মা শতায়ু ডোনা সেলেস্তে অরান্তেস।
পেলেকে সমাধিস্থ করা হবে নেক্রোপোল একুমেনিকায়। ব্রাজিলের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ১৪ তলা এই ভবনের সবচেয়ে উঁচুতে শেষশয্যায় শায়িত থাকবেন পেলে।
এ ভবনে কফিন রাখার ১৪ হাজার ভল্ট রয়েছে। মিউজিয়াম এবং জলপ্রপাতও রয়েছে! তবে পেলের শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শুধু তার পরিবারের সদস্যরাই।
ফুটবল সম্রাটকে শেষ শ্রদ্ধা জানাতে ইতোমধ্যে ব্রাজিলে পৌঁছে গিয়েছেন বিভিন্ন দেশের গণ্যমান্য ব্যক্তিরা। আসবেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।
পেলেকে শ্রদ্ধা জানাতে আসার কথা নেইমার দা সিলভা সান্তোস জুনিয়রেরও। ফুটবল সম্রাটকে শ্রদ্ধা জানাতে অ্যান্টনি ডস সান্তোস শনিবার (৩১ ডিসেম্বর) ইপিএলে উলভসের বিরুদ্ধে জার্সির নিচে ‘শান্তিতে থাকুক পেলে’ লেখা টি-শার্ট পরে খেলতে নেমেছিলেন।
নিউক্যাসলের গুইমারেসও শ্রদ্ধা জানিয়েছেন পেলেকে।