মেসির জাদুতে মুগ্ধ শতবর্ষী ভক্ত পউলিনে কানা। ছবি: বিন স্পোর্টস
লিওনেল মেসির ভক্ত হতে বয়স কোনো বাধা নয়। শিশু থেকে শুরু করে প্রবীণÑ সব বয়সের সমর্থকের হৃদয় জয় করে নিয়েছেন আর্জেন্টিনার এই মহাতারকা। সেই ভক্তদের মধ্যেই অনন্য উদাহরণ হয়ে উঠেছেন ১০০ বছর বয়সী পউলিনে কানা।
অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ ম্যাচ দেখতে ডালাস স্টেডিয়ামে উপস্থিত ছিলেন তিনি। সাদা চুল, আর্জেন্টিনার জার্সি এবং হাতে ‘১০০ বছর বয়সী মেসি ভক্ত’ লেখা প্ল্যাকার্ডÑ সব মিলিয়ে গ্যালারিতে তার উপস্থিতি মুহূর্তেই নজর কাড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি ছড়িয়ে পড়তেই তিনি হয়ে ওঠেন আলোচনার কেন্দ্রবিন্দু।
পউলিনে কানা শুধু একজন ফুটবলভক্ত নন। সামাজিক মাধ্যমে তিনি ‘গ্যাংস্টার গ্র্যানি’ নামে ব্যাপক পরিচিত। নাতি রস স্মিথের সঙ্গে তৈরি করা মজার ভিডিওর মাধ্যমে তিনি ইতোমধ্যেই বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও তার নাম রয়েছে। টিকটকে তার অনুসারীর সংখ্যা প্রায় আড়াই কোটি ছাড়িয়েছে, পাশাপাশি ইউটিউব ও ইনস্টাগ্রামেও রয়েছে বিশাল দর্শকগোষ্ঠী।
মেসির প্রতি তার ভালোবাসা নতুন নয়। এর আগেও ইন্টার মায়ামির একটি ম্যাচে তাকে দেখা গিয়েছিল গ্যালারিতে। সেবার হাতে একটি পোস্টার ছিল, যেখানে লেখা ছিলÑ ‘মেসি, তুমি কি আমাকে বিয়ে করবে?’
অন্যদিকে শুধু শতবর্ষী ভক্তই নন, নতুন প্রজন্মের মাঝেও মেসির জনপ্রিয়তা সমানভাবে বিস্তৃত। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের শেষ দিকে আর্জেন্টিনার জার্সি পরা এক শিশুকে উঁচু করে ধরে রাখতে দেখা যায়, যার ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
ম্যাচটিতে দারুণ পারফরম্যান্স উপহার দেন মেসি। প্রথমে একটি পেনাল্টি মিস করলেও পরে জোড়া গোল করে দলকে জয়ের পথে এগিয়ে নেন তিনি। ম্যাচের ৩৮তম মিনিটে প্রথম গোল এবং শেষ মুহূর্তে দ্বিতীয় গোল করে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার আসন এককভাবে নিজের করে নেন এই আর্জেন্টাইন মহাতারকা। তার গোলসংখ্যা দাঁড়ায় ১৮-তে, যেখানে তিনি ছাড়িয়ে যান জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে।
মেসির রেকর্ডগড়া রাত তাই শুধু মাঠেই সীমাবদ্ধ ছিল না। গ্যালারিতেও ছিল আবেগ, ভালোবাসা আর প্রজন্মের সীমা ভেঙে দেওয়া এক অনন্য উদযাপনÑ যেখানে একদিকে শতবর্ষী ভক্ত পউলিনে কানা, অন্যদিকে আর্জেন্টিনার জার্সি পরা এক শিশু, আর মাঝখানে ফুটবলের অমর জাদুকর মেসি।