× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একদিকে সেরা হওয়ার লড়াই, অন্যদিকে বাঁচা-মরার ম্যাচ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ জুন ২০২৬ ১০:০৯ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

বিশ্বকাপ ফুটবলে প্রথম রাউন্ডের শেষ লড়াই শুরু হচ্ছে আজ। ‘বি’ গ্রুপের শেষ রাউন্ডের দুই ম্যাচে মুখোমুখি হবে সুইজারল্যান্ড-কানাডা এবং বসনিয়া-কাতার।

দুটি ম্যাচই বুধবার রাত ১টায় শুরু হবে। সুইজারল্যান্ড ও কানাডার ম্যাচ অনুষ্ঠিত হবে ভ্যানকুভারে, আর বসনিয়া-কাতার লড়াইয়ের ভেন্যু সিয়াটল।

প্রথম দুই ম্যাচে একটি জয় ও একটি ড্র করে চার পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড ও স্বাগতিক কানাডা। নিজেদের মধ্যকার ম্যাচে যে দল জিতবে, তারাই গ্রুপ চ্যাম্পিয়ন হবে। তবে ড্র হলেও নক আউট নিশ্চিত দুই দলেরই। গোল পার্থক্যে এগিয়ে থাকায় ড্র করতে পারলেই গ্রুপ সেরা হবে কানাডা। অন্যদিকে শীর্ষস্থান নিশ্চিত করতে সুইজারল্যান্ডের সামনে জয়ের বিকল্প নেই।

সুইজারল্যান্ড কোচ মুরাত ইয়াকিন বলেন, “আমরা কোনো সমীকরণ মাথায় রেখে খেলতে চাই না। আমাদের একমাত্র লক্ষ্য জয়। কানাডা খুবই শক্তিশালী দল, তাই তাদের বিপক্ষে সামান্য ভুলেরও সুযোগ নেই।”

অধিনায়ক গ্রানিট ঝাকা বলেন, “গ্রুপ পর্বের শেষ ম্যাচ সব সময় বাড়তি চাপ তৈরি করে। তবে আমাদের অভিজ্ঞতা রয়েছে, সেটাই কাজে লাগাতে চাই।”

অন্যদিকে কানাডা প্রথম ম্যাচে বসনিয়ার সঙ্গে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে কাতারকে বড় ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসে টইটম্বুর। বড় জয়ে তাদের গোল পার্থক্যও এখন বেশ ভালো অবস্থানে। কানাডার কোচ জেসি মার্শ বলেন, “আমরা শুধু অংশ নিতে আসিনি, জিততে এসেছি। ছেলেরা ইতোমধ্যে দেখিয়েছে বড় মঞ্চে তারা প্রস্তুত।”

অধিনায়ক আলফনসো ডেভিসের ভাষায়, “সুইজারল্যান্ডের বিপক্ষে আমাদের সেরাটা দিতে হবে। এই ম্যাচই বলে দেবে আমরা কতদূর যেতে পারব।”

জয়ের বিকল্প নেই বসনিয়া ও কাতারের

বসনিয়া ও কাতারের ম্যাচটি মূলত বাঁচা-মরার লড়াই। দুই দলেরই সংগ্রহ মাত্র এক পয়েন্ট। নক আউট পর্বে যেতে হলে জয়ের বিকল্প নেই কোনো দলের সামনেই। ড্র বা হারÑ যেকোনো ফলই বিদায় ঘণ্টা বাজিয়ে দেবে।

বসনিয়ার কোচ সের্গেই বারবারেজ বলেন, “প্রথম দুই ম্যাচে আমরা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। এখন আর পেছনে তাকানোর সুযোগ নেই।”

অধিনায়ক এডিন জেকো বলেন, “এখন আমাদের সামনে একটাই লক্ষ্যÑ জয়।”

কাতার শিবিরেও একই রকম দৃঢ়তা। দলের কোচ বলেন, ‘চাপ আছে, কিন্তু সুযোগও আছে। একটি জয় পুরো গল্প বদলে দিতে পারে।”

অধিনায়ক হাসান আল-হাইদোস বলেন, “আমাদের লড়াই এখনও শেষ হয়নি। যতক্ষণ সুযোগ আছে, আমরা লড়াই চালিয়ে যাব।”

সুইজারল্যান্ড ও কানাডা তুলনামূলক সুবিধাজনক অবস্থানে থাকলেও ‘বি’ গ্রুপে নাটকীয়তা এখনও বাকি। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা