প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ জুন ২০২৬ ০৯:৪৭ এএম
আন্তে বুদিমিরের গোলে পানামার বিপক্ষে জয় পায় ক্রোয়েশিয়া। ছবি: রয়টার্স
ফিফা বিশ্বকাপে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার ম্যাচে পানামাকে ১-০ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। একই সঙ্গে এটি ছিল দলটির কিংবদন্তি অধিনায়ক লুকা মদ্রিচের ২০০তম আন্তর্জাতিক ম্যাচ।
ম্যাচের প্রথমার্ধে দুই দলই আক্রমণ-প্রতিআক্রমণে লড়লেও কোনো গোল করতে পারেনি। বিরতির পর কৌশল বদলে খেলতে শুরু করে ক্রোয়েশিয়া।
ম্যাচের ৫৪তম মিনিটে কাঙ্ক্ষিত সেই গোলটি আসে। ডিফেন্ডার ইয়োসিপ স্তানিসিচের নিখুঁত পাস থেকে বদলি হিসেবে নামা স্ট্রাইকার আন্তে বুদিমির চমৎকার ফিনিশিংয়ে বল জালে জড়ান।
শেষ পর্যন্ত এই ১-০ গোলের ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে লুকা মদ্রিচের দল।
ক্রোয়েশিয়ার এই জয়ের পেছনে বড় অবদান রেখেছেন গোলরক্ষক দমিনিক লিভাকোভিচ। ম্যাচের ২৩ এবং ৬৮ মিনিটে পানামার নিশ্চিত দুটি গোল অসাধারণ দক্ষতায় রুখে দেন তিনি।
অন্যদিকে, ৪০ বছর বয়সী মিডফিল্ডার লুকা মদ্রিচ ফুটবল ইতিহাসের অন্যতম এলিট ক্লাবে প্রবেশ করলেন। ক্রোয়েশিয়ার জার্সি গায়ে নিজের ২০০তম আন্তর্জাতিক ম্যাচটি জয়ের মাধ্যমে স্মরণীয় করে রাখলেন এই কিংবদন্তি।
এই হারের ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল পানামার। তারা প্রথম ম্যাচে ঘানার কাছেও ১-০ গোলে হেরেছিল।
এই গ্রুপে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইংল্যান্ড। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঘানা। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে রয়েছে ক্রোয়েশিয়া। আর কোনো ম্যাচ জিততে না পাড়া পানামা রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে।
আগামী শনিবার রাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নকআউট পর্বে ওঠার চূড়ান্ত লড়াইয়ে ঘানার মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। অন্যদিকে ইংল্যান্ড খেলবে বিদায় নেওয়া পানামার বিপক্ষে।