× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অমর কবিতার অন্ত্যমিল…

শুভ হোক মেসির জন্মদিন

শামীম হাসান

প্রকাশ : ২৪ জুন ২০২৬ ০৯:২৪ এএম

আপডেট : ২৩ ঘণ্টা আগে

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

আজ ২৪ জুন। ফুটবলপ্রেমীদের ক্যালেন্ডারে এই দিনটি শুধু একটি তারিখ নয়, যেন এক উৎসবের নাম। কারণ এই দিনেই জন্ম নিয়েছিলেন বলপায়ের সেই জাদুকর, যার স্পর্শে ফুটবল কখনও কবিতা হয়েছে, কখনও চিত্রকর্ম, কখনও আবার নিখাদ বিস্ময়। লিওনেল মেসিÑ শুধু একটি নাম নয়। দুই শব্দের নামটি উচ্চারণ করলেই কোটি মানুষের হৃদয়ে অন্যরকম কম্পন জাগে।

আর্জেন্টিনার রোজারিও শহরে ১৯৮৭ সালের ২৪ জুন জন্ম নেওয়া সেই ছোট্ট ছেলেটি আজ ৩৯-এ পা দেবে, অথচ মাঠে তাকে দেখলে এখনও মনে হয় সময় যেন তার কাছে থমকে আছে। বয়সের ক্যালেন্ডার এগোয়, কিন্তু মেসির ফুটবল যেন অন্য কোনো ঘড়ির কাঁটায় চলে।

২০২৬ সাল। মেসি খেলছেন ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। বয়সের কারণে বদলি খেলোয়াড় হিসেবে দলে থাকার কথা। কিন্তু তিনিই দলের প্রাণ। তাকে ঘিরেই আর্জেন্টিনার যত আয়োজন। গত আসরের মতো এবারও তিনিই আর্জেন্টিনার বড় ভরসা, উজ্জ্বল আলো। বয়স বাড়লেও এবারের বিশ্বকাপে মেসি যেন নতুন করে লিখছেন নিজের কিংবদন্তির গল্প। ২০২২ সালে বিশ্বকাপ জয়ের পর অনেকেই ভেবেছিলেন আন্তর্জাতিক ফুটবলে তার সেরা অধ্যায় শেষ। ফুটবল মাঠে মেসির পদচারণা শেষ। কিন্তু ২০২৬ বিশ্বকাপ দেখিয়ে দিল, মেসির গল্প এখনও অসমাপ্ত।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই মেসি আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করে বিশ্বকে জানান দেন তিনি এখনও আগের মতোই ক্ষুধার্ত। এরপর অস্ট্রিয়ার বিপক্ষেও জোড়া গোল করে শুধু আর্জেন্টিনাকে শেষ ৩২-এ তোলেননি, গড়েছেন একের পর এক ইতিহাস। সর্বশেষ দুই ম্যাচ মিলিয়ে পাঁচ গোল করে টুর্নামেন্টের গোল্ডেন বুটের দৌড়েও আছেন একেবারে সামনে। 

সবচেয়ে বড় অর্জনÑ বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এখন মেসির দখলে। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপে ১৮ গোলের মালিক বনে গেছেন। পুরুষ ও নারী মিলিয়েও বিশ্বকাপের ইতিহাসে এখন সবচেয়ে বেশি গোলদাতাদের তালিকার শীর্ষে মেসির নাম। 

এবারের বিশ্বকাপে একের পর এক রেকর্ড মেসির পায়ে হুমড়ি খেয়ে পড়ছে। এ যাবৎকালের বিশ্বকাপে মেসির উল্লেখযোগ্য অর্জনগুলো হলো: সর্বোচ্চ গোলদাতা (১৮ গোল), বিশ্বকাপে টানা ছয় ম্যাচে গোল করার কীর্তি, ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়া প্রথম খেলোয়াড়দের একজন, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড আরও সমৃদ্ধ (২৮ ম্যাচ), বিশ্বকাপে ৮টি অ্যাসিস্টের মাইলফলক, বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ (১৮) জয়েরও কীর্তি গড়েছেন।

মেসির ক্যারিয়ারের সৌন্দর্য শুধু পরিসংখ্যানে নয়, প্রভাবেও। মাঠে তার প্রতিটি স্পর্শ এখনও গ্যালারিতে শিহরণ তোলে। বয়স ৩৮ পেরোলেও বল পায়ে তার সিদ্ধান্ত, পাসিং, ভিশন এবং ফিনিশিং এখনও বিশ্বসেরা। আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি বারবার বলেছেন, ‘মেসি যতক্ষণ খেলতে চাইবে, দলের দরজা তার জন্য খোলা।’

জন্মদিনের আগের মুহূর্তে মেসিকে ঘিরে আর্জেন্টিনা শিবিরেও উৎসবের আবহ। সতীর্থরা চাইছেন, এই বিশ্বকাপেই অধিনায়কের হাতে আরও একটি অমর ট্রফি তুলে দিতে। কোটি ভক্তের প্রার্থনাও একÑ জন্মদিনের সেরা উপহার হোক আরেকটি বিশ্বকাপ।

ফুটবল ইতিহাসে অনেক মহান খেলোয়াড় এসেছেন, স্বাভাবিক নিয়মে বিদায়ও নিয়েছেন। কিন্তু মেসি যেন শুধুই একজন ফুটবলার নন; তিনি এক আবেগ, এক শিল্প, এক যুগের নাম। ৩৯-এ পা দিয়েও তিনি প্রমাণ করে চলেছেন, প্রতিভা যখন অধ্যবসায়ের সঙ্গে মেশে, তখন বয়স হার মানে।

প্রকৃতির নিয়ম মেনে একদিন মেসি বুটজোড়া তুলে রাখবেন। সেদিন হয়তো স্টেডিয়ামের আলো নিভে যাবে, গ্যালারির গর্জন থেমে যাবে। কিন্তু মেসির গল্প থামবে না। কারণ কিংবদন্তিরা মাঠ ছাড়লেও স্মৃতি ছাড়েন না।

শুভ জন্মদিন, মেসি। ফুটবল তোমার কাছে চিরঋণী।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা