প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ জুন ২০২৬ ০৯:০৭ এএম
আপডেট : ২৪ জুন ২০২৬ ০৯:৫৯ এএম
টানা ছয় বিশ্বকাপে গোল করে রেকর্ড গড়লেন রোনালদো। হিউসটন স্টেডিয়ামে মঙ্গলবারের ম্যাচে। ছবি: এএফপি
নিন্দুকদের মুখ বন্ধ করে দিয়ে রাজার মতোই ফিরলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গড়লেন টানা ছয় বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি।
এর মধ্য দিয়ে টপকে গেলেন বিশ্বকাপের ভিন্ন পাঁচ আসরে গোল করা লিওনেল মেসির রেকর্ড। রোনালদোর ইতিহাস গড়ার ম্যাচে উজবেকিস্তানকে গোলে ভাসিয়েছে পর্তুগাল। হিউস্টনে মঙ্গলবার ‘কে’ গ্রুপের ম্যাচে ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে রোনালদোর দল।
গতকাল বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হওয়া ম্যাচের ষষ্ঠ মিনিটেই উজবেকিস্তানের জালে বল জড়িয়ে দেন রোনালদো। এ সময় ডানদিক থেকে সতীর্থ জোয়াও কানসেলোর বাড়ানো বল ধরে চমৎকার ফিনিশিংয়ে গোলের খাতা খোলেন সিআর সেভেন। আর সেই সঙ্গে গড়েন বিশ্বরেকর্ড। উজবেকিস্তানের বিপক্ষে ৪১ বছর ১৩৮ দিন বয়সে জোড়া গোল করেছেন রোনালদো। এর মধ্য দিয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে এক ম্যাচে জোড়া গোল করার রেকর্ড গড়লেন রোনালদো। মেসির দখলে ছিল এই রেকর্ড। সোমবার রাতে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলের ম্যাচে মেসির বয়স ছিল ৩৮ বছর ৩৬৩ দিন।
প্রথম গোল খাওয়ার পর রক্তের স্বাদ পাওয়া বাঘের মতোই ক্ষুধার্ত হয়ে ওঠেন রোনালদো। এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ ড্র করে পর্তুগাল। ওই ম্যাচে নিষ্প্রভ ছিলেন এই পর্তুগিজ। এতে প্রবল সমালোচনার মুখে পড়েন তিনি। এবার গোল করেই নিজের জোরালো উপস্থিতি স্মরণ করিয়ে দিলেন ফুটবল বিশ্বকে।
এর আগে ২০০৬ বিশ্বকাপে ছয় ম্যাচে একটি, ২০১০ সালে চার ম্যাচে একটি, ২০১৪ সালে তিন ম্যাচে একটি, ২০১৮ সালে চার ম্যাচে চারটি ও ২০২২ সালে পাঁচ ম্যাচে একটি গোল করেন রোনালদো।
উজবেকিস্তানের বিপক্ষে বিরতিতে যাওয়ার আগেই জোড়া গোল করেন এই মহাতারকা। ম্যাচের ৩৯ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের পাস থেকে দারুণ ফিনিশিংয়ে করেছেন নিজের দ্বিতীয় ও পতুর্গালের তৃতীয় গোল। এই গোলের সুবাদে পর্তুগালের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডটি এখন রোনালদোর। ইউসেবিওর ৯ গোল ছাড়িয়ে রোনালদোর গোল এখন ১০।
বিরতির আগেই হ্যাটট্রিক পেয়ে যেতে পারতেন রোনালদো। গোলকিপারের মাথার ওপর দিয়ে তার শট প্রায় কাছাকাছি জায়গা থেকে ক্লিয়ার করেন আবদুকদির খুসানভ।
ম্যাচে পর্তুগালের হয়ে একটি করে গোল করেন নুনো মেন্দেস ও রাফায়েল লিয়াও। বাকি গোলটি আত্মঘাতী।
এই জয়ে ‘কে’ গ্রুপে দুই খেলায় পর্তুগালের সংগ্রহ ৪ পয়েন্ট। সমান ম্যাচে কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি উজবেকিস্তান।