মেক্সিকোর রেফারি সিজার আর্তুরো রামোস। ছবি: সংগৃহীত
বিশ্বকাপের প্রথম ম্যাচে পয়েন্ট হারালেও দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন ব্রাজিলের। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে হাইতিকে। এই জয়ে ‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে সেলেসাওরা। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে নতুন এক উদ্বেগ ঘিরে ধরেছে ব্রাজিল শিবিরকে।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে বুধবার ব্রাজিল মুখোমুখি হবে স্কটল্যান্ডের। এ ম্যাচ ঘিরে ব্রাজিলের উদ্বেগের শেষ নেই। তবে প্রতিপক্ষ নিয়ে উদ্বেগ নয়, উদ্বেগ রেফারিকে। ম্যাচটিতে রেফারির দায়িত্ব পালন করবেন মেক্সিকোর সিজার আর্তুরো রামোস। আর এই নামটিই যেন ব্রাজিল সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ ফেলছে।
৪২ বছর বয়সী এই মেক্সিকান রেফারিকে ব্রাজিলের জন্য অনেকেই ‘অপয়া’ বলে মনে করেন। কারণ, এর আগে ব্রাজিলের দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন রামোস, আর দুটিতেই জয়হীন ছিল সেলেসাওরা।
প্রথমবার তিনি দায়িত্বে ছিলেন ২০১৮ সালের বিশ্বকাপে। গ্রুপ পর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের উদ্বোধনী ম্যাচে। সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। এরপর ২০২৪ সালে কোপা আমেরিকায় কোস্টারিকার বিপক্ষে ম্যাচে দায়িত্বে ছিলেন রামোস। সেবার গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল ব্রাজিলকে।
ফলে পরিসংখ্যান বলছে, রামোস রেফারি থাকা ম্যাচে এখনও জয় পায়নি ব্রাজিল। তাই স্কটল্যান্ড ম্যাচের আগে তার উপস্থিতি স্বাভাবিকভাবেই আলোচনার জন্ম দিয়েছে।
অবশ্য পরিসংখ্যানের সবটাই ব্রাজিলের বিপক্ষে নয়। প্রতিপক্ষ স্কটল্যান্ডের বিপক্ষে অতীত রেকর্ড সেলেসাওদের আত্মবিশ্বাস জোগাতে পারে। শক্তি, অভিজ্ঞতা ও স্কোয়াড গভীরতায় এখনও অনেকটাই এগিয়ে দক্ষিণ আমেরিকার জায়ান্টরা।