× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাপে পর্তুগাল, ইতিহাসে মনোযোগী উজবেকিস্তান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৬ ঘণ্টা আগে

আপডেট : ৫ ঘণ্টা আগে

পর্তুগাল দলের অনুশীলন। ছবি: সংগৃহীত

পর্তুগাল দলের অনুশীলন। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের অন্যতম শিরোপাপ্রত্যাশী দল পর্তুগাল। কিন্তু শুরুটা মোটেও প্রত্যাশামতো হয়নি। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ কঙ্গোর সঙ্গে ১-১ গোলের ড্র করে চাপে পড়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। সেই চাপ কাটিয়ে নকআউটের পথে এগোতে মঙ্গলবার ‘জি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে পর্তুগাল। রাত ১১টায় হিউস্টনে শুরু হবে গুরুত্বপূর্ণ এই ম্যাচটি।

প্রথম ম্যাচ শেষে গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে পর্তুগাল। রবার্তো মার্টিনেজের শিষ্যরা বিশ্বকাপ শুরু করেছিল শিরোপার স্বপ্ন নিয়ে, কিন্তু মাঠের পারফরম্যান্সে সেই আত্মবিশ্বাসের প্রতিফলন দেখা যায়নি। কঙ্গোর বিপক্ষে ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন হোয়াও নেভেস। তবে লিড ধরে রাখতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় তাদের।

ম্যাচের পর সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে সেই আলোচনা পাঁচবারের ব্যালন ডি’অরজয়ীর জন্য মোটেও স্বস্তিদায়ক ছিল না। কেননা ৪১ বছর বয়সী এই তারকা পুরো ম্যাচ খেললেও ছিলেন নিষ্প্রভ। তিনটি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেননি। ফলে দলে তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া উজবেকিস্তানের শুরুটাও সুখকর হয়নি। নিজেদের প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে ৩-১ গোলে হেরে বিদায়ের শঙ্কায় পড়েছে তারা। প্রথম ম্যাচে একটা গোলও পেয়েছে। দ্বিতীয় ম্যাচে শুধু গোল পেলে হবে না জয় পেতে হবে। অন্যথায় তাদের বিদায় নিশ্চিত হয়ে যেতে পারে। প্রতিপক্ষের নাম পর্তুগাল বলে জয় পাওয়া কঠিন হতে পারে।

বিশ্বকাপে এই প্রথমবার মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও উজবেকিস্তান। ম্যাচের আগে পর্তুগাল শিবিরে রয়েছে কিছু দুশ্চিন্তাও। দলের গুরুত্বপূর্ণ ডিফেন্ডার রুবেন দিয়াজ চোটের কারণে প্রথম ম্যাচ খেলতে পারেননি। ফিটনেস ফিরে পেলেও এই ম্যাচে তাকে বিশ্রামে রাখা হতে পারে। মূলত শেষ গ্রুপ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে পূর্ণ শক্তির দল নামানোর পরিকল্পনা করছে কোচিং স্টাফ।

উজবেকিস্তানও বড় পরিবর্তনের পথে হাঁটছে না। প্রথম ম্যাচের স্কোয়াডের ওপর আস্থা রেখেই চমক দেখাতে চায় তারা।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ বলেন, “প্রথম ম্যাচের ফল আমাদের প্রত্যাশামতো হয়নি। কিন্তু টুর্নামেন্ট এখনও অনেক দীর্ঘ। আমাদের প্রতিক্রিয়াই বলে দেবে আমরা কতটা শক্তিশালী। উজবেকিস্তানকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই”।

অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো বলেন, “সমালোচনা ফুটবলের অংশ। গুরুত্বপূর্ণ হলো দলের জন্য লড়াই করা এবং জয়ের পথে ফিরে আসা। আমাদের সে সামর্থ্য আছে। আশা করছি, ভালো করতে পারব”।

উজবেকিস্তান কোচ ফ্যাবিও ক্যানাভারো বলেন, “পর্তুগাল বিশ্বের সেরা দলগুলোর একটি। কিন্তু আমরা ভয় নিয়ে খেলতে নামব না। আমরা শুধু অংশ নিতে আসিনি, নিজেদের সামর্থ্য প্রমাণ করতেই এসেছি”।

দলের অধিনায়ক এলডোর শোমুরোদভের কণ্ঠেও আত্মবিশ্বাস, “রোনালদোর বিপক্ষে খেলা বিশেষ কিছু, তবে এটা শেষ পর্যন্ত ফুটবল ম্যাচ। মাঠে দুই দলেই ১১ জন খেলোয়াড় থাকবে। আমরা জয় পেতে সবকিছু করব, নিজেদের উজাড় করে লড়ব। ফুটবলে সবকিছু সম্ভব”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা