প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ ঘণ্টা আগে
আপডেট : ১৭ ঘণ্টা আগে
মুশফিকুর রহিম। ছবি: ক্রিকেটারের ফেসবুক থেকে
পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আইসিসির মে মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন মুশফিকুর রহিম। সতীর্থ তাইজুল ইসলাম এবং নেপালের অলরাউন্ডার দীপেন্দ্র সিং আইরিকে পেছনে ফেলে পুরষ্কার।
চলমান আইসিসি টেস্ট চ্যাম্পিয়ানশিপ ২০২৫-২৭ এর অংশ হিসেবে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে দাপুটে জয় পায় বাংলাদেশ।
সেই সিরিজে মুশফিকুর রহিম ছিলেন দলের অন্যতম প্রধান ভরসা। দুই টেস্টে তিনি ৬৩.২৫ গড়ে মোট ২৫৩ রান করেন এবং দলের ঐতিহাসিক সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এটি মুশফিকের ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো আইসিসির মাসসেরা খেলোয়াড়ের স্বীকৃতি। এর আগে তিনি ২০২১ সালের মে মাসেও এই সম্মান অর্জন করেছিলেন।
পুরস্কার জয়ের প্রতিক্রিয়ায় মুশফিক বলেন, “আবারও আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হওয়া আমার জন্য বড় সম্মানের। বিশেষ করে টেস্ট ক্রিকেটে পারফরম্যান্সের জন্য এই স্বীকৃতি পেয়ে আমি খুবই আনন্দিত”।
তিনি আরও বলেন, “পাকিস্তানের বিপক্ষে আমাদের স্মরণীয় সিরিজ জয়ে আমার সতীর্থ তাইজুল ইসলামও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এই সাফল্য আমরা দীর্ঘদিন মনে রাখব। একই সঙ্গে এই জয় আমাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়ও এগিয়ে দিয়েছে, যা দলের জন্য আরও বেশি তাৎপর্যপূর্ণ”।
দলের সতীর্থ ও কোচিং স্টাফদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মুশফিক বলেন, “তাদের সমর্থন ছাড়া এই অর্জন সম্ভব হতো না। সামনের দিনগুলোতেও বাংলাদেশের সাফল্যে অবদান রাখতে চাই।”
সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে মুশফিক গুরুত্বপূর্ণ ৭১ রান করেন। তবে তার সেরা পারফরম্যান্স আসে সিলেটে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে, যেখানে দ্বিতীয় ইনিংসে তিনি দুর্দান্ত ১৩৭ রানের ইনিংস খেলেন।