ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৩ ২০:৫৩ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৩ ২০:৫৬ পিএম
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন যে কায়দায়, যে মন্তব্য ও বক্তব্যে এই পুুরস্কার প্রত্যাখান করেছেন তাতে ভীষণ অবাক ও হতবাক হয়েছে বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন (বিএসপিএ)।
সংগঠনের ৬০ বছর পূর্তিতে সম্মাননা দেওয়ার জন্য বিএসপিএ বাংলাদেশের ইতিহাসের সেরা ১০ ক্রীড়াবিদকে বাছাই করে। তাদের নির্দিষ্ট বাছাই প্রক্রিয়ায় বাংলাদেশের সেরা ক্রীড়াবিদ মনোনীত হন সাকিব আল হাসান। এর পরের স্থানটিতে মনোনীত হন দেশের ফুটবলের সাবেক খ্যাতিমান তারকা কাজী সালাউদ্দিন।
গত ৩০ ডিসেম্বর সোনারগাঁও হেটেলে আয়োজিত বিএসপিএর হীরক জয়ন্তী অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে কাজী সালাউদ্দিন ‘দ্বিতীয় সেরা’র পুরস্কার হিসেবে ক্রেস্ট ও চেক নিয়েছিলেন। তখন এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখাননি তিনি।
কিন্তু পরদিন বাফুফে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কাজী সালাউদ্দিনের ‘দ্বিতীয় সেরা’র পুরস্কার প্রত্যাখ্যান করে। পাশাপাশি ক্রীড়া লেখক সমিতির কার্যালয়ে সালাউদ্দিন তার ক্রেস্ট ও পুরস্কারের অর্থ ফিরিয়েও দেন।
সালাউদ্দিনের এই পুরুস্কার প্রত্যাখানের প্রতিক্রিয়া জানিয়ে এ বিষয়ে বিবৃতি দিয়েছে দেশের ক্রীড়া সাংবাদিকদের প্রাচীন সংগঠনটি। সাধারণ সম্পাদক সামন হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাফুফের চিঠিতে এটাকে ‘প্রহসনের পুরস্কার’ বলা হয়েছে, যা খুবই দুর্ভাগ্যজনক। প্রথমত, বাফুফের কোনো অংশ নয় এটি। দ্বিতীয়ত, প্রহসনের পুরস্কার বললে বাকি পুরস্কারপ্রাপ্ত কীর্তিমানদের অসম্মান করা হয়েছে।