প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১ ঘণ্টা আগে
উরুগুয়ের বিপক্ষে গোল করার পর উদযাপন করছেন কেপ ভার্দের মিডফিল্ডার কেভিন পিনা। ছবি: মিয়ামি হেরাল্ড
চলতি বিশ্বকাপে যেন বিস্ময় ছড়াতে এসেছে নবাগত দল কেপ ভার্দে। নিজেদের প্রথম ম্যাচে গোল রক্ষক ভোজিনিয়ার বীরত্বে শক্তিশালী স্পেনের সঙ্গে গোল শূন্য ড্র করেছিল তারা। এবার আরেক শক্তিশালী ও দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষেও ২-২ গোলে ড্র করেছে দলটি।
‘এইচ’ গ্রুপের সোমবার বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হওয়া ম্যাচে প্রথমে লিড নিয়ে চমকে দেয় কেপ ভার্দে। ম্যাচের ২১ মিনিটে দলটির কেভিন পিনা বিশ্বকাপে নিজেদের প্রথম গোলের খাতা খোলেন।
ম্যাচের ৪৪ মিনিটে উরুগুয়ের মেক্সিমিলিয়ানো আরাহো দলকে সমতায় ফেরান। প্রথমার্ধের যোগ করা সময়ে দলকে লিডে তুলে নেন আগুস্টিন কানোবিও।
কিন্তু মার্সেলো বিয়েলসার দল ওই লিড ধরে রাখতে পারেনি। ম্যাচের ৬২ মিনিটে হেলিও ভারেলা কেপ ভার্দেকে সমতা এনে দিয়ে গ্যালারিতে থাকা হাতে গোনা দর্শককে উচ্ছ্বাসে মাতান।
ম্যাচের ৭০ মিনিটে লা সেলেস্তেরা জালে বল পাঠিয়ে উল্লাস করলেও ভিএআর চেক করে তা বাতিল করে দেওয়া হয়।
উরুগুয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে শক্তিশালী স্পেনের বিপক্ষে। ওই ম্যাচে হারলে ফেদে ভালভার্দেদের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে।