গোলের পর জাপান দলের খেলোয়াড়দের উল্লাস। ছবি: রয়টার্স
বিশ্বকাপের ‘এফ’ গ্রুপের ম্যাচে তিউনিসিয়াকে ৪-০ গোলে হারিয়েছে জাপান। জোড়া গোল করেছেন আয়াসে উয়েদা। একবার করে জালের দেখা পেয়েছেন দাইচি কামাদা ও জুনিয়া ইতো।
মন্তেরেই স্টেডিয়ামে রবিবার সকালে এই ম্যাচে চতুর্থ মিনিটে কামাদার গোলে এগিয়ে যায় জাপান। বিশ্বকাপে এটাই এশিয়ার দেশটির দ্রুততম গোল।
৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন উয়েদা। ডি বক্সের বাইরে থেকে আড়াআড়ি গতিময় শটে জাল খুঁজে নেন তিনি।
দ্বিতীয়ার্ধের ৬৯তম মিনিটে ব্যবধান আরও বাড়ায় জাপান। উয়েদার রক্ষণ চেরা পাস ধরে দ্রুত গতিতে এগিয়ে গিয়ে কাছের পোস্ট ঘেঁষে ঠিকানা খুঁজে নেন ইতো।
৮৩তম মিনিটে স্কোর লাইন ৪-০ করেন উয়েদা। কাইশু সানুর কাট ব্যাকে দূরের পোস্টে বল পান তিনি। তার আড়াআড়ি হেড দূরের পোস্ট ঘেঁষে জড়ায় জালে।
বিশ্বকাপে প্রথমবার কোনো ম্যাচে চার গোল করল জাপান। আরেকটি বড় হারের হতাশা নিয়ে মাঠ ছাড়ল তিউনিসিয়া।
এই জয়ে দুই নম্বরে উঠে এলো জাপান। শীর্ষে থাকা নেদারল্যান্ডসেরও পয়েন্ট চার।
তিন পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে সুইডেন। দুই ম্যাচে ৯ গোল হজম করা তিউনিসিয়া বিদায় নিল বিশ্বকাপ থেকে।
আগামী শুক্রবার বাংলাদেশ সময় ভোরে সুইডেনের মুখোমুখি হবে জাপান। একই সময়ে অন্য ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে লড়বে নেদারল্যান্ডস।