প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
সুইডিশদের বিপক্ষে ৫-১ গোলে জয় পায় ডাচরা। ছবি: দ্য সান
সুইডেনের প্রথম ম্যাচের আনন্দ কেড়ে নিল নেদারল্যান্ডস। হিউস্টনে বাংলাদেশ সময় শনিবার রাত ১১টায় শুরু হওয়া ম্যাচে সুইডেনকে ৫-১ গেলে হারিয়েছে ডাচরা। ম্যাচে জোড়া গোল করেন ব্রায়ান ব্রবি ও গোলমেশিন কোডি গাকপো।
এই জয়ের মধ্য দিয়ে সুইডিশদের কাছ থেকে শীর্ষস্থানও কেড়ে নিল ডাচরা। ২ খেলায় ৪ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপে সবার ওপরে নেদারল্যান্ডস। সমান ম্যাচে সুইডেনের সংগ্রহ ৩ পয়েন্ট।
পুরো ম্যাচেই সুইডিশদের নাচিয়ে ছাড়েন ব্রবি ও গাকপো। মাত্র ৫ মিনিটেই ম্যাচের ডেড লক ভাঙে ডাচরা। এ সময় গাকপোর দুর্দান্ত পাসে পায়ের আলতো ছোঁয়ায় গোল করেন ব্রবি। এই ধাক্কা সামলে ওঠার আগেই ব্যবধান বাড়ান ব্রবি। ম্যাচের ১৭ মিনিটে ডানপাশ থেকে ডেনজেল ডামফ্রিসের বাড়ানো বলে পা ঠেকিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি। ২-০ ব্যবধান ধরে রেখে বিরতিতে যায় নেদারল্যান্ডস।
দ্বিতীয়ার্ধে খেলা শুরুর ২ মিনিটের মধ্যেই ব্যবধান ৩-০ করে নেদারল্যান্ডস। এ সময় সতীর্থ ডামফ্রিসের কাছ থেকে দর্শনীয় গোল করেন লিভারপুল উইঙ্গার গাকপো। ৫৪ মিনিটে সতীর্থ ব্রবির মতোই জোড়া গোলটি তুলে নেন গাকপো। এটি চলতি বিশ্বকাপের ১০০তম গোল। ৩৩তম ম্যাচে এই শততম গোলের মুখ দেখল এবারের বিশ্বকাপ। এর আগে ২০২২ সালের কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডসের হয়ে টানা তিন ম্যাচে গোল করেছিলেন গাকপো।
ম্যাচে সুইডিশদের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন অ্যান্থনি এলাঙ্গা। ম্যাচের শেষদিকে ডাচদের গোল উৎসবে যোগ দেন ক্রিসেনসিও সামারভিল।
উল্লেখ্য, প্রথম ম্যাচে তিউনিসিয়াকে হারিয়ে এফ গ্রুপের শীর্ষে উঠে আসে সুইডিশরা। আর নিজেদের প্রথম ম্যাচে এশিয়ান দল জাপানের সঙ্গে ড্র করে নেদারল্যান্ডস। কিন্তু দ্বিতীয় ম্যাচেই সুইডিশদের কাছ থেকে শীর্ষ স্থান কেড়ে নিল নেদারল্যান্ডস।