নারীদের ৫০ মিটার ফ্রিস্টাইলে কেট ডগলাস সুইডেনের সারাহ সজোস্ট্রমের রেকর্ড ভেঙে দিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সাঁতারু কেট ডগলাস নারীদের ৫০ মিটার ফ্রিস্টাইলে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন।
গত শুক্রবার ইন্ডিয়ানাপোলিসে অনুষ্ঠিত ‘ইউ.এস. প্রো সুইম সিরিজে’ ২৩.৫৯ সেকেন্ড সময় নিয়ে তিনি সুইডেনের সারাহ সজোস্ট্রমের আগের রেকর্ড ভেঙে দেন এবং নতুন বিশ্ব রেকর্ড গড়েন।
২৪ বছর বয়সী ডগলাস ‘প্যারিস ২০২৪ অলিম্পিকে’ ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে স্বর্ণপদক জিতেছিলেন। এর আগে ২০২৩ সালে জাপানের ফুকুওকায় অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে সজোস্ট্রম ২৩.৬১ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। প্রায় দুই বছর পর সেই রেকর্ড নিজের নামে লিখিয়ে নিলেন ডগলাস।
রয়টার্স জানায়, প্রতিযোগিতা শেষে সম্প্রচারকারী প্রতিষ্ঠান পিকককে দেওয়া সাক্ষাৎকারে ডগলাস বলেন, ‘অবিশ্বাস্য ব্যাপার! আমি এখনও যেন ঘোরের মধ্যে আছি, কী বলব তা-ই বুঝতে পারছি না।’
তিনি আরও বলেন, ‘আমি কেবল আমার সেরা সময়টি করার এবং যুক্তরাষ্ট্রের রেকর্ডটি ভাঙার আশা করেছিলাম। আজ রাতে—বা আমার পুরো ক্যারিয়ারেই—আমি যতটা দ্রুত সাঁতার কাটার কথা ভেবেছিলাম, এটি তার চেয়েও অনেক বেশি দ্রুত।’
এই রেসে ডগলাসের পেছনে দ্বিতীয় হন যুক্তরাষ্ট্রের গ্রেচেন ওয়ালশ। তিনি ২৩.৭৮ সেকেন্ড সময় নেন। উল্লেখ্য, ডগলাস ও ওয়ালশ যৌথভাবে ২৩.৯১ সেকেন্ডের আগের মার্কিন রেকর্ডের মালিক ছিলেন। নতুন বিশ্ব রেকর্ড গড়ে সেই রেকর্ডকেও আরও উন্নত করলেন ডগলাস।