মুখ ঢেকে কথা বলছেন প্যারাগুয়ের মিডফিল্ডার মিগেল আলমিরন। ছবি: ভিডিও থেকে
২০২৬ ফিফা বিশ্বকাপে তুরস্কের বিপক্ষে ম্যাচে মুখ ঢেকে কথা বলায় লাল কার্ড দেখেন প্যারাগুয়ের অধিনায়ক মিগেল আলমিরন। যা বিশ্বকাপ ইতিহাসে প্রথম।
খেলা শুরুর মাত্র ৬৪ সেকেন্ডে বক্সের বাইরে থেকে নেওয়া এক দৃষ্টিনন্দন শটে দলকে এগিয়ে দেন মিডফিল্ডার মাতিয়াস গালারসা। আকস্মিক গোল খেয়ে শুরুতেই চাপে পড়ে যায় তুরস্ক।
তবে প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে ম্যাচের গতি পাল্টে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে। অতিরিক্ত সময় চলাকালে প্যারাগুয়ের ফরোয়ার্ড আদামো পিত্তার সঙ্গে তুরস্কের মিডফিল্ডার ইসমাইল ইউকসেকের পায়ে পা লাগার ঘটনা নিয়ে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুহূর্তেই দু’দলের খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কি ও বাকবিতণ্ডা শুরু হয়।
সেই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই প্যারাগুয়ের অধিনায়ক মিগেল আলমিরনকে মুখ ঢেকে প্রতিপক্ষের একজন খেলোয়াড়ের উদ্দেশে কিছু বলতে দেখা যায়। বিষয়টি সঙ্গে সঙ্গে রেফারির নজরে আনেন তুরস্কের খেলোয়াড়রা। এরপর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ঘটনাটি পর্যালোচনা করে সিদ্ধান্ত দেয়।
চলতি বিশ্বকাপে চালু হওয়া নতুন নিয়ম অনুযায়ী, সংঘাতপূর্ণ পরিস্থিতিতে মুখ ঢেকে প্রতিপক্ষের উদ্দেশে উসকানিমূলক মন্তব্য বা আচরণ শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। সেই নিয়ম প্রয়োগ করেই সরাসরি লাল কার্ড দেখানো হয় আলমিরনকে।
এ সিদ্ধান্ত দেন এল সালভাদরের রেফারি ইভান আরসিদেস বার্তন সিসনেরোস। ফলে দ্বিতীয়ার্ধে প্যারাগুয়ে মাঠে নামে ১০ জন নিয়ে, যা ম্যাচের গতিপথে বড় প্রভাব ফেলে।