নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান ও ঢাকার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে সাজেদুল ইসলাম (সুমন) স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
নবীনগরের ঐতিহাসিক লাউর ফতেহপুর খেলার মাঠে শুক্রবার বিকালে হাজারো দর্শকের উপস্থিতিতে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। উদ্বোধন করেন ঢাকার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি।
প্রথম ম্যাচেই ব্রাদার্স কিং নবীনগর পূর্বাঞ্চল ফুটবল একাদশকে ১২-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে টুর্নামেন্টে দুর্দান্ত সূচনা করেছে রতনপুর ইউনিয়ন ফুটবল একাদশ।
সৌদি আরব প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম নজরুলের পৃষ্ঠপোষকতায় আয়োজিত টুর্নামেন্টের প্রথম ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে রতনপুর ইউনিয়ন ফুটবল একাদশ। দ্রুতগতির আক্রমণ ও চমৎকার দলীয় নৈপুণ্যে একের পর এক গোল করে তারা। শেষ পর্যন্ত ১২-০ গোলের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে রতনপুর।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, “ঐতিহাসিক লাউর ফতেহপুর খেলার মাঠের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে”।
তিনি বলেন, “খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে”।
উদ্বোধক ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি বলেন, “তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই”।
এমন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদও জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মো. মুনতাসির মহিউদ্দিন আপু, সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ, বাংলাদেশ বার কাউন্সিলের কমপ্লেইন্ট অ্যান্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আব্দুল মতিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসরাফ হোসেন রাজুসহ স্থানীয় ব্যক্তিবর্গ।