অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আইসিসির ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ে উপরের দিকে উঠে এসেছেন পেসার শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ। ছবি: আইসিসি
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের পর আইসিসির সর্বশেষ র্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছেন বাংলাদেশের কয়েকজন খেলোয়াড়। বিশেষ র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন তিন পেসার।
বরাবরের মতো বুধবার দুপুরে ছেলেদের ক্রিকেট র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি।
বাংলাদেশের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে পেসার শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ আইসিসির হালনাগাদ ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ে উপরের দিকে উঠে এসেছেন।
প্রথম দুই ম্যাচে বল হাতে নেওয়ার সুযোগ না হলেও সিরিজের শেষ ম্যাচে ৬ উইকেট শিকার করেন শরীফুল। তারই পুরস্কার হিসেবে ১০ ধাপ এগিয়ে বোলারদের তালিকায় ১৮তম স্থানে উঠে এসেছেন এই পেসার।
অন্যদিকে, ১২ ধাপ এগিয়ে যৌথভাবে ২৫তম স্থানে পৌঁছেছেন মুস্তাফিজুর রহমান। তাসকিন আহমেদ ৫ ধাপ এগিয়ে অবস্থান করছেন ২৭তম স্থানে।
তিন ম্যাচের সিরিজে ব্যাটারদের মধ্যে মোট ১৫৪ রান করেন তাওহিদ হৃদয়। যার মধ্যে সর্বোচ্চ ইনিংস ছিল ৮৩ রান। তার এই ধারাবাহিক পারফরম্যান্সের ফলে ব্যাটারদের ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে ২০তম স্থানে উঠে এসেছেন হৃদয়।