প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৬ ১৫:৫১ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৬ ১৭:৪৬ পিএম
তাওহিদ হৃদয়, সৌম্য সরকার ও পারভেজ হোসেন দ্রুত সাজঘরে ফিরলে চাপে পড়ে দল। ছবি: বিসিবি
চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচেই ১৩১ রানে অলআউট বাংলাদেশ। টাইগারদের ব্যাটিং বিপর্যয়ে যেখানে একশ পার করাই দুষ্কর ছিল। সেখানে টেল এন্ডারদের চেষ্টা অজিদের ১৩২ রানের টার্গেট দিয়েছে স্বাগতিকরা।
বুধবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি–টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে ভালো শুরুর পর নিয়মিত উইকেট হারিয়ে বড় সংগ্রহ গড়ার সুযোগ হাতছাড়া করে স্বাগতিকরা।
ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান শুরুতে ইতিবাচক ব্যাটিং করেন। ৫ ওভারে ২ উইকেটে ৪৫ রান তুলে বাংলাদেশ শক্ত অবস্থানে ছিল। সাইফ ১৪ বলে ২০ রান করেন, আর তানজিদও দ্রুত রান তুললেও ইনিংস বড় করতে পারেননি।
এরপর শুরু হয় বাংলাদেশের ব্যাটিং ধস। তাওহিদ হৃদয়, সৌম্য সরকার ও পারভেজ হোসেন দ্রুত সাজঘরে ফিরলে চাপে পড়ে দল। ১১ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৭৮ রানে ৫ উইকেট।
মধ্য ওভারে আরও বিপর্যয় নেমে আসে। শামীম হোসেন মাত্র ১ রান করে আউট হন। অভিষিক্ত আব্দুল গাফফার সাকলায়েন ১০ বলে ১০ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বেশিক্ষণ টিকতে পারেননি।
শেষ দিকে রিশাদ হোসেন উইকেটে এসে দ্বিতীয় বলেই ছক্কা মেরে দলকে শতরান পার করান। তবে বড় শট খেলতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনিও।
একশ পার করার আগেই আউট হয়ে যান ৮ ব্যাটসম্যান। তবে শেষ জুটিতে ১২ বলে ২৩ রানে লড়াই করার মতো পুঁজি পেয়েছে বাংলাদেশ। ২২ বলে ২৯ রান করে অপরাজিত থাকা মেহেদীর অবদানই তাতে বেশি। ইনিংসের ১ ওভার বাকি থাকতেই অলআউট হয়ে গেছে বাংলাদেশ।
অজিদের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন এডাম জাম্পা ও জোয়েল ডেভিস। ২ উইকেট পেয়েছেন মেট রেনশো। একটি করে উইকেট নিয়েছেন স্পেন্সার জনসন ও নিখিল চৌধুরী।