প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ জুন ২০২৬ ১১:০০ এএম
সেনেগালের বিপক্ষে এমবাপের জোড়া গোলে দুর্দান্ত জয় পায় ফ্রান্স। ছবি: সংগৃহীত
সাদিও মানের সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছে কিলিয়ান এমবাপের ফ্রান্স।
প্রথমার্ধে নিষ্প্রভ ফ্রান্সকে দ্বিতীয়ার্ধে এগিয়ে নেন এমবাপে। বদলি নেমেই ব্যবধান বাড়ান ব্র্যাডলি বার্কোলা। শেষ দিকে সেনেগাল একটি গোল শোধ করার পরই দ্বিতীয় গোলট করেন এমবাপে।
চার বছর আগের বিশ্বকাপ ফাইনালে করেছিলেন হ্যাটট্রিক, এবার প্রথম ম্যাচেই জোড়া গোল। বিশ্বকাপে এমবাপের মোট গোল হলো ১৪টি। একটি রেকর্ড অবশ্য এই ম্যাচেই গড়ে ফেলেছেন তিনি। অলিভিয়ে জিঁরুকে (৫৭) ছাড়িয়ে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা এখন এমবাপে (৫৮)।
দুই অর্ধে ফ্রান্সের পারফরম্যান্স পুরোপুরিই দুই রকম। প্রথমার্ধে একটি লক্ষ্যভ্রষ্ট শট নেওয়া দলটি বিরতির পর গোলের জন্য ১০টি শট নিয়ে আটটিই লক্ষ্যে রাখতে পারে। ম্যাচে সেনেগালের ছয় শটের দুটি লক্ষ্যে ছিল।
বিশ্বকাপে এর আগে এই দুই দেশের দেখা হয়েছিল মাত্র একবার। ২০০২ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তখনকার বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়ন ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে ফুটবল বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছিল সেনেগাল। বিশ্বকাপে আফ্রিকার দেশটির প্রথম ম্যাচ ছিল সেটি।
২০২২ কাতার বিশ্বকাপের শেষ ষোলোয় হেরে বিদায় নেওয়ার পর থেকে, এই বছরের আফ্রিকান নেশন্সের কাপের বিতর্কিত ফাইনাল বাদ দিলে প্রতিযোগিতামূলক ফুটবলে টানা ৩০ ম্যাচ অপরাজিত থেকে এ দিন খেলতে নামে সেনেগাল।