বিশ্বকাপে মেসির গোলসংখ্যা এখন ১৬। ছবি: সংগৃহীত
লিওনেল মেসির দুর্দান্ত নৈপুণ্যে শিরোপাধারী আর্জেন্টিনা আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে।
নিজের রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপের প্রথম ম্যাচে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করে এবারের বিশ্বকাপকে স্মরণীয় করে রাখলেন মেসি। একই সঙ্গে তিনি বিশ্বকাপ ইতিহাসের যৌথ সর্বোচ্চ গোলদাতার কীর্তিও স্পর্শ করেছেন।
কানসাস সিটিতে মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচের অষ্টম মিনিটেই কাছ থেকে বল জালে পাঠিয়েছিলেন ৩৮ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড। তবে অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়ে যায়।
তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মেসিকে। রেকর্ড গড়া এই ম্যাচে তিনি দুর্দান্ত ড্রিবলিংয়ে কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শক্তিশালী শট নেন। সেই শট ঠেকাতে ব্যর্থ হন আলজেরিয়ার গোলরক্ষক ও ফ্রান্সের বিশ্বকাপজয়ী কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান।
ম্যাচের ৬০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের শট গোলরক্ষক ফিরিয়ে দিলে ফিরতি বলে সহজেই জালে বল পাঠান তিনি।
এরপর ৭৬তম মিনিটে আসে জাদুকরী মুহূর্ত। বক্সের বাইরে থেকে নিচু শটে বল জালে জড়িয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়ায় ১৬, যা জার্মানির সাবেক স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসের বিশ্বকাপ গোলসংখ্যার সমান।
হ্যাটট্রিকের মাত্র তিন মিনিট পর মেসিকে মাঠ থেকে তুলে নেওয়া হলে পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে অভিবাদন জানায়। তবে বদলি হওয়ার সময় মেসিকে কিছুটা হতাশই মনে হচ্ছিল। ধারণা করা হচ্ছে, টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে তাকে বিশ্রাম দিতেই এই সিদ্ধান্ত নেয় আর্জেন্টিনা।
২০১৯ সালের আফ্রিকা কাপ অব নেশনস চ্যাম্পিয়ন আলজেরিয়া পুরো ম্যাচে তেমন প্রতিরোধ গড়তে পারেনি। যদিও নবম মিনিটে ফারেস শাইবির একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়।
বার্সেলোনায় ক্যারিয়ারের বড় সময় কাটানোর পর ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনে খেলেছেন মেসি। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলছেন।