× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাঠে নামলেই মেসির ইতিহাস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ জুন ২০২৬ ১০:১৭ এএম

আপডেট : ১৬ জুন ২০২৬ ১৯:১১ পিএম

লিওনেল মেসি। ছবি: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

লিওনেল মেসি। ছবি: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা বাংলাদেশ সময় বুধবার সকালে এবারের বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করতে যাচ্ছে। আর সেই ম্যাচেই ইতিহাসের নতুন এক অধ্যায়ের নায়ক হতে পারেন অধিনায়ক লিওনেল মেসি।

ইনজুরির শঙ্কা কাটিয়ে মাঠে নামার জন্য পুরোপুরি প্রস্তুত আর্জেন্টাইন মহাতারকা। আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে স্বল্প সময়ের উপস্থিতিতেই তিনি নিজের ফিটনেসের প্রমাণ দিয়েছেন। এবার অপেক্ষা শুধু বিশ্বকাপের মূল মঞ্চে নামার।

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে মাঠে নামলেই বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি আসরে অংশ নেওয়া ফুটবলারদের কাতারে নতুন উচ্চতায় পৌঁছে যাবেন মেসি। ২০০৬ সালে বিশ্বকাপে প্রথমবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নামেন তিনি। এরপর ২০১০, ২০১৪, ২০১৮ এবং ২০২২Ñ টানা পাঁচটি বিশ্বকাপ খেলেছেন। এর মধ্যে ২০২২ সালে অধরা স্বপ্ন পূরণ করে বিশ্বকাপ শিরোপা জিতেছেন, আর ২০১৪ সালে দলকে তুলেছিলেন ফাইনালে।

গত ২৯ মে আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করার পরই অনেকটা নিশ্চিত হয়ে যায় মেসির নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা। আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলে এটি হবে তার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। একই কীর্তির সামনে রয়েছেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোও। মেসির কয়েক ঘণ্টা পর তিনিও নিজের ষষ্ঠ বিশ্বকাপের যাত্রা শুরু করতে পারেন।

বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ডও ইতোমধ্যেই নিজের দখলে নিয়েছেন মেসি। পাঁচটি বিশ্বকাপে তিনি খেলেছেন ২৬টি ম্যাচ। আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই সেই সংখ্যা বেড়ে হবে ২৭। এই তালিকায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জার্মান কিংবদন্তি লোথার ম্যাথিউস, যার ম্যাচসংখ্যা ২৫। এরপর রয়েছেন আরেক জার্মান তারকা মিরোস্লাভ ক্লোসে (২৪) এবং ইতালির পাওলো মালদিনি (২৩)। বর্তমানে ক্রিশ্চিয়ানো রোনালদোর ম্যাচসংখ্যা ২২।

তবে বিশ্বকাপের মঞ্চে মেসির সামনে অপেক্ষা করছে আরও একটি বিশেষ অর্জন। আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড আগেই নিজের করে নিয়েছেন তিনি। এখন তার ম্যাচ সংখ্যা ১৯৯। আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই পূর্ণ হবে ২০০ আন্তর্জাতিক ম্যাচের অনন্য মাইলফলক।

আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক ম্যাচ খেলার তালিকায় বর্তমানে মেসির ওপরে আছেন মাত্র দুজন ফুটবলার-ক্রিশ্চিয়ানো রোনালদো ও কুয়েতের বাদের আল মুতাওয়া। রোনালদোর ম্যাচ সংখ্যা ২২৮, আর মুতাওয়া খেলেছেন ২০২টি ম্যাচ। বিশ্বকাপ চলাকালেই মুতাওয়াকে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসার সুযোগ রয়েছে মেসির সামনে।

ফুটবল বিশ্বে অসংখ্য রেকর্ডের মালিক এই আর্জেন্টাইন জাদুকর। নতুন বিশ্বকাপের প্রথম ম্যাচেই সেই রেকর্ড-ভান্ডারে যুক্ত হতে পারে আরও কয়েকটি সোনালি অধ্যায়। এখন দেখার অপেক্ষা, মাঠে নেমে ইতিহাসকে আর কতটা নিজের করে নিতে পারেন লিওনেল মেসি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা