কার্লো আনচেলত্তি। ছবি: সংগৃহীত
বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি সর্বাধিকবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল।
প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে না পারলেও দলের উন্নতির সুযোগ দেখছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তার মতে, প্রথম ম্যাচের ফলাফল নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। কারণ বিশ্বকাপের ভাগ্য কোনো দলের জন্যই প্রথম ম্যাচে নির্ধারিত হয় না।
ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আনচেলত্তি বলেন, প্রথমার্ধে
ব্রাজিল মোটেও ভালো খেলতে পারেনি। দলের ভারসাম্যে ঘাটতি ছিল, অপ্রয়োজনীয় ফাউল হয়েছে
এবং বলের দখলও বারবার হারাতে হয়েছে। এসব দিক দ্রুত সংশোধনের প্রয়োজন রয়েছে বলে মনে
করেন তিনি।
তবে দ্বিতীয়ার্ধে ব্রাজিলের খেলায় ইতিবাচক পরিবর্তন দেখেছেন ইতালিয়ান
এই কোচ। তার ভাষায়, ‘দ্বিতীয়ার্ধে আমরা অনেক ভালো খেলেছি। প্রথম ম্যাচের পরই দলকে নিখুঁত
ভাবার কোনো সুযোগ নেই। এই ফলাফল খারাপ নয় এবং আমরা তা মেনে নিচ্ছি। পরের ম্যাচে আরও
ভালো করার জন্য লড়াই করব। বিশ্বকাপ তো প্রথম ম্যাচেই জেতা যায় না।’
প্রথমার্ধের হতাশাজনক পারফরম্যান্সের পেছনে স্নায়ুচাপ কাজ করেছে বলেও
মনে করেন আনচেলত্তি। তিনি বলেন, ‘দল কিছুটা চাপের মধ্যে ছিল। ম্যাচটিও ছিল কঠিন। তবে
দ্বিতীয়ার্ধে আমরা নিজেদের সামর্থ্যের পরিচয় দিয়েছি। আমি বিশ্বাস করি, আগামী ম্যাচে
দল আরও উন্নতি করবে।’
দলের ইতিবাচক দিক সম্পর্কে জানতে চাইলে আনচেলত্তি বলেন, শেষ মুহূর্ত
পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতাই ছিল সবচেয়ে বড় অর্জন। পাশাপাশি দলের দুর্বলতাগুলো
স্পষ্টভাবে সামনে চলে আসায় সেগুলো নিয়ে কাজ করার সুযোগও তৈরি হয়েছে। তার লক্ষ্য আরও
ভারসাম্যপূর্ণ এবং আক্রমণাত্মক ব্রাজিল দল গড়ে তোলা।
সমালোচনার বিষয়েও খোলামেলা মন্তব্য করেছেন ব্রাজিল কোচ। তিনি বলেন,
‘দল ভালো না খেললে সমালোচনা মেনে নিতেই হবে। আমি কোনো ব্যক্তিগত খেলোয়াড়কে আলাদা করে
সমালোচনা করি না। প্রথমার্ধে পুরো দলই ভালো খেলেনি, তাই সমালোচনাও পুরো দলের।’
মরক্কোর বিপক্ষে ব্রাজিলকে হারের হাত থেকে রক্ষা করেছেন ভিনিসিয়ুস
জুনিয়র। তার পারফরম্যান্সে সন্তুষ্ট আনচেলত্তি বলেন, ‘ভিনিসিয়ুস ভালো খেলেছে এবং প্রতিপক্ষের
জন্য সব সময়ই হুমকি হয়েছিল। তার সামর্থ্য বিবেচনায় আমি বিশ্বাস করি, সে দারুণ একটি
বিশ্বকাপ কাটাবে।’
‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল
সাড়ে ৬টায় হাইতির মুখোমুখি হবে ব্রাজিল।