সোমালিয়ান রেফারি ওমর আবদুল কাদির আরতান। ছবি: সংগৃহীত
বিশ্বকাপে ম্যাচ পরিচালনার স্বপ্ন ভেঙে গেলেও আর্থিকভাবে পিছিয়ে পড়ছেন না সোমালিয়ার রেফারি ওমর আবদুল কাদির আরতান।
যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় এবারের ফিফা বিশ্বকাপ থেকে ছিটকে পড়া এই রেফারিকে পুরো টুর্নামেন্ট ফি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফিফা।
গত সোমবার বিশ্বকাপে দায়িত্ব পালনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে
পৌঁছান আরতান। তবে মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন অভিবাসন কর্মকর্তারা তাকে
প্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন। পরে তার কূটনৈতিক পাসপোর্ট এবং একবার প্রবেশযোগ্য
মার্কিন ভিসা বাতিল করে তাকে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
মার্কিন প্রশাসনের এক কর্মকর্তার দাবি, সন্দেহভাজন একটি সন্ত্রাসী
গোষ্ঠীর সদস্যদের সঙ্গে সম্ভাব্য যোগাযোগের অভিযোগের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া
হয়েছে। তবে আরতান দৃঢ়ভাবে এই অভিযোগ অস্বীকার করেন।
যুক্তরাষ্ট্র থেকে তুরস্কে পাঠিয়ে দেওয়া হলে ইস্তান্বুলে ফিফার
প্রতিনিধিরা তার সঙ্গে যোগাযোগ করেন এবং প্রয়োজনীয় সহায়তা দেন। সেখান থেকে তিনি নিজ
দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে ফিরে যান। যদিও বিশ্বকাপে বাঁশি বাজানোর সুযোগ হারিয়েছেন,
তবু ফিফা তার প্রতি সমর্থনের হাত বাড়িয়েছে।