ইয়ামাল ও মেন্ডিস। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
ফিফা বিশ্বকাপে আজ এইচ-গ্রপে আটলান্টার মার্সিডেঞ্জ বেঞ্চ স্টেডিয়ামে এমন দুটি দল পরস্পরের মুখোমুখি হবে, যার একটি দল সাবেক বিশ্বচ্যাম্পিয়ন এবং আরেকটি দল বিশ্বকাপেই নবাগত। এ ছাড়া দল দুটি এর আগে কোনো ম্যাচেই মুখোমুখি হয়নি। দল দুটি হচ্ছে ইউরোপের স্পেন এবং আফ্রিকার কেপ ভার্দে।
যেখানে স্পেনের ফিফা র্যাঙ্কিং ২, সেখানে কেপ ভার্দের ৬৭। ফলে এটা খুব সহজেই অনুমেয় ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের খুব একটা চ্যালেঞ্জ জানানোর মতো শক্তি আফ্রিকার এই দলটির নেই বললেই চলে।
২০১০ সালে প্রথমবারের মতো ট্রফি জয়ের পর থেকে স্পেন বিশ্বকাপে আর কখনও শেষ ষোলোর গণ্ডি পার হতে পারেনি। তবে ইউরো ২০২৪-এর সাফল্যের পর এবার দলটিকে নিয়ে প্রত্যাশার পারদ আকাশচুম্বী। দুই বছর আগে ইউরোপ জয় করার পথে ‘লা রোজা’রা ফাইনালে ইংল্যান্ডসহ তাদের সামনে আসা প্রতিটি দলকেই খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছিল। তাই চলতি গ্রীষ্মের এই বিশ্বমঞ্চে বুকমেকারদের তালিকায় তারা যে ফেভারিট হিসেবে টুর্নামেন্ট শুরু করবে, তাতে অবাক হওয়ার কিছু নেই।
লুইস দে লা ফুয়েন্তে স্পেনের কোচ হিসেবে ৪২টি ম্যাচের মধ্যে হেরেছেন মাত্র দুটিতে। উত্তর আমেরিকার মাটিতে এই তরুণ ও ভারসাম্যপূর্ণ দলটিকে হারানো যেকোনো প্রতিপক্ষের জন্যই বেশ কঠিন হবে। স্পেনের স্বস্তির খবর হচ্ছে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় লামিন ইয়ামাল হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে উঠছেন। তাই এই ম্যাচে তাকে নিয়ে কোনো বাড়তি ঝুঁকি নেওয়ার সম্ভাবনা কম।
তবে কেপ ভার্দের জন্য দুঃসংবাদ হলো, ইয়ামালের জায়গায় দলে আসা ফেরান তোরেস এখন দুর্দান্ত ফর্মে আছেন এবং নিজের সুযোগের শতভাগ কাজে লাগাতে মরিয়া হয়ে থাকবেন।
এখন দেখার বিষয় আজকের ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন কেমন খেলে নবাগত কেপ ভার্দের বিপক্ষে।