চাটমোহর (পাবনা) প্রতিবেদক
প্রকাশ : ৫ ঘণ্টা আগে
আপডেট : ১ ঘণ্টা আগে
পাবনার চাটমোহরে ২০২২ ফুট দৈর্ঘ্যের পতাকা তৈরি করে সাড়া ফেলেছে আর্জেন্টিনার সমর্থকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পাবনার চাটমোহর উপজেলায় আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকরা তৈরি করেছেন দুই হাজার ২২ ফুট দৈর্ঘ্যের একটি বিশাল পতাকা, যা দেশের সবচেয়ে বড় পতাকা বলে দাবি করছেন তারা।
বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনার অংশ হিসেবে বাংলাদেশেও ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে ভিন্নধর্মী আয়োজন দেখা যাচ্ছে।
নিজেদের প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করতে ভক্তরা নানা ধরনের উদ্যোগ নিচ্ছেন, যার মধ্যে বড় আকারের পতাকা তৈরি অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।
চাটমোহরের বালুদিয়ার গ্রামের আর্জেন্টিনা সমর্থকেরা জানান, আসন্ন বিশ্বকাপকে কেন্দ্র করে তারা ব্যতিক্রমী কিছু করার পরিকল্পনা করেন। সেই পরিকল্পনার অংশ হিসেবে ২০২২ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়কে স্মরণীয় করে রাখতে এবং দলকে উৎসাহ দিতেই বিশাল এই পতাকা তৈরির উদ্যোগ নেওয়া হয়।
তারা জানান, স্থানীয় যুবক রাসেল মাহমুদ, সেলিম হোসেন ও আলামিন হোসেনের নেতৃত্বে এই উদ্যোগ বাস্তবায়িত হয়।
প্রায় দশ দিন ধরে গ্রামের শিক্ষক, শিক্ষার্থী, প্রবাসী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আর্থিক ও শ্রম দিয়ে এতে অংশ নেন। পতাকা তৈরির ব্যয় হয় প্রায় পঞ্চাশ হাজার টাকা, দাবি তাদের।
আনুষ্ঠানিকভাবে শুক্রবার বিকালে পতাকাটি বালুদিয়ার গ্রামের সড়কজুড়ে টাঙানো হয় এবং পরে মিছিলের মাধ্যমে প্রদর্শন করা হয়।
বিশাল এই পতাকা দেখতে প্রতিদিন আশপাশের এলাকা থেকে শত শত মানুষ ভিড় করছেন বলে জানা গেছে।
আয়োজকরা বলেন, ছোটবেলা থেকেই তারা আর্জেন্টিনা দল ও লিওনেল মেসির খেলা দেখে আসছেন। ২০২২ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার শ্বাসরুদ্ধকর শিরোপা জয় তাদের আরও অনুপ্রাণিত করেছে।
তারা আশা প্রকাশ করেন, মেসির শেষ বিশ্বকাপে আবারও আর্জেন্টিনা শিরোপা জিতবে।
অন্যদিকে স্থানীয় কয়েকজন সমর্থক জানান, আর্জেন্টিনার পাশাপাশি ব্রাজিলের প্রতিও তাদের শুভকামনা রয়েছে। তাদের প্রত্যাশা, দুই দলই সুন্দর ফুটবল উপহার দিয়ে ফাইনালে পৌঁছাবে।
পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক বলেন, আর্জেন্টিনা সমর্থকদের এমন উদ্যোগ প্রশংসনীয়।
তবে এই ধরনের আয়োজন যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।