ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৩ ১৩:২৪ পিএম
গতবারের টুর্নামেন্ট সেরা খেলোয়াড় সাকিব আল হাসান পেয়েছিলেন প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা।
প্রাইজমানি বাড়ছে এবারের বিপিএলে। চ্যাম্পিয়ন ও রানারআপ দলের আর্থিক পুরস্কার বেড়ে হচ্ছে দ্বিগুণ। আর টুর্নামেন্টের সেরা ক্রিকেটার এবার আর্থিক পুরস্কার পাবেন ৫ গুণেরও বেশি।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘এবার চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি টাকা। রানারআপদের একাউন্টে যাবে ১ কোটি। সবমিলিয়ে প্রায় ৪ কোটি টাকার মতো প্রাইজমানি থাকবে।’
টুর্নামেন্টের গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স পেয়েছে ১ কোটি টাকা। আর রানারআপ ফরচুন বরিশালের অ্যাকাউন্টে গেছে ৫০ লাখ টাকা। এবার এই দুই ক্যাটাগরির অর্থ পুরস্কার দ্বিগুণ হচ্ছে।
ব্যক্তিগত আর্থিক পুরস্কারও বাড়াচ্ছে বিপিএলের আয়োজক কমিটি। এ ব্যাপারে ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘ম্যান অব দা সিরিজকে ১০ লাখ টাকা দেয়ার চিন্তা আছে। এছাড়া সেরা বোলার, সেরা ব্যাটসম্যানকে বড় অঙ্কের পুরস্কার দেওয়া হবে। এরকম করে আমরা প্রাইজমানি বাড়াচ্ছি।’
গতবারের টুর্নামেন্ট সেরা খেলোয়াড় সাকিব আল হাসান পেয়েছিলেন ২ হাজার ডলার। সেসময়কার বাংলাদেশি মুদ্রায় যা ছিল প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা।
আগামী শুক্রবার (৬ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে বিপিএলের নবম আসর। নতুন মিশনকে সামনে রেখে আজ নতুন বছরের প্রথম দিনই অনুশীলনে পড়বে টুর্নামেন্টের দলগুলো।