ফিফা বিশ্বকাপ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
আপডেট : ৮ মিনিট আগে
নিকোলাস তালিয়াফিকো ও নিকোলাস গঞ্জালেস। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ১৬ জুন বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। কিন্তু মাঠে নামার আগেই আর্জেন্টিনা শিবিরে বড় উদ্বেগ দেখা দিয়েছে। দলের গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় নিকোলাস তালিয়াফিকো ও নিকোলাস গঞ্জালেস ইনজুরিতে পড়েছেন।
চোটজনিত সমস্যায় ভুগছেন আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস তালিয়াফিকো। এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি। অন্যদিকে, পেশিতে অতিরিক্ত চাপজনিত ইনজুরিতে পড়েছেন নিকোলাস গঞ্জালেস। ফলে বুধবার দলের মূল অনুশীলনের বাইরে থাকবেন তারা।
আর্জেন্টাইন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তালিয়াফিকোর সমস্যা গুরুতর নয়। তবুও আগামী কয়েক ঘণ্টার মধ্যে তার শারীরিক অবস্থার মূল্যায়ন করা হবে। উন্নতি হলে বিশ্বকাপ দলে থাকা নিশ্চিত। এদিকে গঞ্জালেসের পরিস্থিতিও নজরে রাখছে ম্যানেজমেন্ট। কারণ, আগে থেকেই চোট কাটিয়ে ফিরছিলেন তিনি।
পেশিতে অতিরিক্ত চাপজনিত সমস্যার কারণে যুক্তরাষ্ট্রে দলের ক্যাম্পে যোগ দেওয়ার সময়ও পুরোপুরি সুস্থ ছিলেন না গঞ্জালেস। আইসল্যান্ডের বিপক্ষে মাঠে ফেরার পর আবারও কিছুটা অস্বস্তি অনুভব করেছেন তিনি। প্রাথমিকভাবে এটি গুরুতর কিছু নয়, সাধারণ মাংসপেশির সংকোচন বলেই মনে করা হচ্ছে।
এরই মধ্যে আর্জেন্টাইন স্কোয়াডে পরিবর্তন এনেছেন কোচ লিওনেল স্ক্যালোনি। লিওনার্দো বালের্দি চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। ফলে তার পরিবর্তে দলে জায়গা পাচ্ছেন মার্কোস সেনেসি।