ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ও কিংবদন্তি সেন্টার-ব্যাক হারকিউলিস ডি ব্রিতো রুয়াস (ব্রিতো)। ছবি: ইনস্টাগ্রাম থেকে
ব্রাজিলের ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ও কিংবদন্তি সেন্টার-ব্যাক হারকিউলিস ডি ব্রিতো রুয়াস (ব্রিতো) মারা গেছেন।
ব্রাজিলিয়ান ফুটবল কো-ফেডারেশন (সিবিএফ) বৃহস্পতিবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে তবে মৃত্যুর কারণ সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি। তার বয়স হয়েছিল ৮৬ বছর।
সিবিএফের সভাপতি সামির জাউদ এক বিবৃতিতে বলেন, “ব্রিতো আমাদের ছেড়ে গেছেন ব্রাজিলিয়ান ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে। ১৯৭০ বিশ্বকাপ জয়ে তার অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে”।
১৯৬৪ থেকে ১৯৭২ সালের মধ্যে ব্রাজিল জাতীয় দলের হয়ে ৬১টি ম্যাচ খেলেন ব্রিতো। ১৯৬৬ বিশ্বকাপেও একটি ম্যাচ খেলেছিলেন তিনি।
বিশ্বকাপ জয়ের পাশাপাশি ব্রিতো ব্রাজিল দলের হয়ে ১৯৭১ সালে কোপা রোকা এবং ১৯৭২ সালে টেকা ইন্ডিপেন্সিয়া শিরোপাও জিতেছিলেন।
সামির জাউদ আরও বলেন, “আমি আমাদের দেশের এই কিংবদন্তিকে শ্রদ্ধা জানাই। তার লড়াকু মানসিকতা ভবিষ্যতে বিশ্বকাপে অংশ নেওয়া আমাদের খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে”।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল সর্বাধিক বিশ্বকাপ জয়ের রেকর্ডধারী দল। নিজেদের ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে আগামী শনিবার মরক্কোর বিপক্ষে মাঠে নামবে দলটি।