প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১ ঘণ্টা আগে
আপডেট : ১ ঘণ্টা আগে
মেক্সিকোর আদিবাসীদের নৃত্য। ছবি: ভিড়িও থেকে নেওয়া
ফুটবল বিশ্বের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে পর্দা উঠলো ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফিফা বিশ্বকাপের।
মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে বৃহস্পতিবার জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো ৪৮ দলের এই মহাযজ্ঞ। উদ্বোধনী ম্যাচে বর্তমানে মুখোমুখি লড়াই করছে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।
উদ্বোধনী অনুষ্ঠান ও সংস্কৃতি
ম্যাচ শুরুর আগে আজতেকা স্টেডিয়ামে আয়োজিত হয় এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে মেক্সিকোর সমৃদ্ধ আদিবাসী সংস্কৃতি, লোকজ ঐতিহ্য এবং বিশেষ করে তাদের বিখ্যাত ‘পাপেল পিকাডো’ শিল্প নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে মঞ্চ মাতান বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা এবং নাইজেরীয় সেনসেশন বার্না বয়। এবারের বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ডাই ডাই (লেটস গো)’ গেয়ে দর্শকদের উল্লাসে ভাসান তারা।
স্টেডিয়ামে ভক্তদের ঢল
বিশ্বকাপের ইতিহাসের প্রথম ৪৮ দলের এই আসর নিয়ে ফুটবল ভক্তদের মাঝে বিরাজ করছে অভূতপূর্ব উন্মাদনা। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে থেকেই স্টেডিয়ামের বাইরে ভিড় জমান হাজার হাজার ফুটবলপ্রেমী। সমর্থকদের পরনে ছিল প্রিয় দলের জার্সি এবং মেক্সিকোর ঐতিহ্যবাহী পোশাক। নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে টিকিটধারীরা স্টেডিয়ামে প্রবেশ করেন।