প্রবা ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৩ ১১:৪৫ এএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৩ ১১:৪৭ এএম
ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ।
ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থকে দেখতে আসা ভক্তদের ভিড় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের দিল্লি এবং জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) পরিচালক শ্যাম শর্মা।
শ্যাম শর্মা গত শনিবার (৩১ ডিসেম্বর) বলেছেন, ‘যারা পন্থের সাথে দেখা করতে যাচ্ছেন তাদের এড়ানো উচিত, কারণ সংক্রমণের সম্ভাবনা রয়েছে।’
তিনি ফোন কলে এএনআইকে বলেন, ‘পন্থের সাথে দেখা করার জন্য কোনও ভিআইপি চলাচল করা উচিত নয় এবং তাকে দেখতে আসা লোকেদের এটি এড়ানো উচিত। কারণ পন্থের সংক্রমণের সম্ভাবনা রয়েছে।’
শ্যাম শর্মা পন্থের ভক্তদের হাসপাতালে ভিড় না জমানোর অনুরোধ করেছেন। পন্থ বর্তমানে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।
গত শনিবার শ্যাম শর্মা ক্রিকেটার ঋষভ পন্থের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। ভয়াবহ সড়ক দুর্ঘটনার আহত ভারতীয় ক্রিকেটার ক্রিকেটার ঋষভ পন্থের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
তার বাম ভ্রুতে প্লাস্টিক সার্জারি করা হয়েছে। তবে তিনি চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
স্বাভাবিকভাবেই ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা অস্ট্রেলিয়া সিরিজ খেলতে পারবেন না ঋষভ। চিকিৎসকরা জানিয়েছেন, কম করে ৬ মাস তাকে ক্রিকেটের বাইরে থাকতে হবে।
দুর্ঘটনায় তার লিগামেন্টও ছিড়ে গিয়েছে। লিগামেন্ট চিকিৎসার দায়িত্ব ইতিমধ্যেই নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
দিল্লি-দেরাদুন রোডে গত শুক্রবার (৩০ ডিসেম্বর) ভোর ৫টা ২২ মিনিটে দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ পন্থ। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ডিভাইডারে। এরপরই গাড়িতে আগুন ধরে পুড়ে ছাই হয়ে যায়।
এক ট্রাক ড্রাইভারের সাহায্যে কোনও মতে গাড়ি থেকে বেরিয়ে আসেন ঋষভ। অল্পের জন্য প্রাণে বেঁচে যান।
বিসিসিআই সচিব জয় শাহও পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তিনি বলেছেন, ‘এখন তাকে দেরাদুন থেকে স্থানান্তর করা হবে না। সেরে উঠতে তার কিছুটা সময় লাগবে। তাকে সর্বোত্তম চিকিৎসা দেওয়া হবে।’
বলিউড অভিনেতা অনুপম খের এবং অনিল কাপুর এবং সহ-ক্রিকেটার নীতিশ রানাও গত শনিবার সকালে পন্থকে দেখতে যান।
পন্থ ও তার পরিবারের সঙ্গে দেখা করার পর দুই অভিনেতা বলেছেন, তারা ঋষভের ভক্ত। তাই সাধারণ মানুষ হিসেবেই তারা এসেছেন।
অনুপম খের বলেন, ‘ঋষভ যোদ্ধার মত লড়াই করেছে। এখন সুস্থ আছে। ঈশ্বরের কৃপায় তাড়াতাড়ি সুস্থ হচ্ছে। আমরা ওর মনোবল বাড়াতে এসেছি। বলেছি তাড়াতাড়ি মাঠে ফিরতে হবে।’