ফিফা বিশ্বকাপ। ছবি: এপি
গ্রেটেস্ট শো অন দ্য আর্থ খ্যাত ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে বৃহস্পতিবার। ৪৮ দেশ নিয়ে প্রথমবারের মতো তিন দেশ মেক্সিকো, যুক্তরাষ্ট্র এবং কানাডা যৌথভাবে আয়োজন করছে এই মহাযজ্ঞ।
আসরের উদ্বোধনী অনুষ্ঠান ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এখানেই উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার।
ফিফার পরিকল্পনায় এবারের উদ্বোধনী অনুষ্ঠান হবে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম জাঁকজমকপূর্ণ আয়োজন। ফুটবল, সংগীত ও সংস্কৃতির এক অনন্য মেলবন্ধনে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। উদ্বোধনী মঞ্চে পরিবেশিত হবে বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’, গাইবেন বিশ্বখ্যাত শিল্পী শাকিরা এবং বার্না বয়। এ ছাড়া অংশ নেবেন জে বলভিন, আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা, লিলা ডাউন্স, মানা ও টাইলাসহ আরও অনেক তারকা শিল্পী।
বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এবারই প্রথম তিনটি স্বাগতিক দেশে পৃথক উদ্বোধনী আয়োজন করা হচ্ছে। তবে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করা হচ্ছে। এর আগে ২০০২ সালে এশিয়ার দুই দেশে জাপান ও দক্ষিণ কোরিয়া বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করেছিল। এবারে বিশ্বকাপের উদ্বোধনের মূল অনুষ্ঠান মেক্সিকো সিটিতে হলেও পরদিন টরন্টো ও লস অ্যাঞ্জেলেসেও বিশেষ উদ্বোধনী উদযাপন হবে। ফিফার মতে, এই আয়োজন উত্তর আমেরিকার তিন দেশের ঐক্য ও বহুসাংস্কৃতিক পরিচয়কে বিশ্ববাসীর সামনে তুলে ধরবে।
৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপ ঘিরে ইতোমধ্যেই বিশ্বজুড়ে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। কোটি কোটি দর্শকের চোখ থাকবে উদ্বোধনী অনুষ্ঠানের দিকে, যেখানে রঙিন আলোকসজ্জা, সাংস্কৃতিক পরিবেশনা এবং তারকাখচিত সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে এক মাসব্যাপী ফুটবল মহোৎসব। ১১ জুন শুরু হয়ে এই মহাযজ্ঞ শেষ হবে ১৯ জুলাই।
বৃহস্পতিবার রাত ১১টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। দুই ঘণ্টা পর রাত ১টায় শুরু হবে উদ্বোধনী ম্যাচ। এবারের বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশেরও যোগাযোগ থাকছে। তবে মেক্সিকোর অনুষ্ঠানে নয়, কানাডার অনুষ্ঠানে। সেখানে উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন তিনি।