মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক জশ ইংলিস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস ভাগ্য পক্ষে আসেনি বাংলাদেশের। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক জশ ইংলিস। ফলে আগে ব্যাটিংয়ে নামছে স্বাগতিক বাংলাদেশ।
বাংলাদেশ একাদশে সবচেয়ে বড় চমক হয়ে এসেছে মোসাদ্দেক হোসেনের প্রত্যাবর্তন। প্রায় চার বছর পর জাতীয় দলের ওয়ানডে একাদশে সুযোগ পেলেন এই অলরাউন্ডার। সর্বশেষ ২০২২ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন তিনি।
প্রথম ওয়ানডেতে তিন পেসার নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। পেস আক্রমণে রয়েছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা। স্পিন বিভাগে মিরাজের সঙ্গে থাকছেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম।
তবে একাদশে জায়গা হয়নি লেগ স্পিনার রিশাদ হোসেনের। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে ধারাবাহিক পারফরম্যান্স দেখালেও ওয়ানডে ফরম্যাটে তাকে আরও উন্নতি করতে হবে বলে আগেই ইঙ্গিত দিয়েছিলেন মিরাজ। একই সঙ্গে দলে জায়গা হারিয়েছেন বাঁহাতি ওপেনার সৌম্য সরকার।
অন্যদিকে সফরকারী অস্ট্রেলিয়া একাদশে অভিষেক হয়েছে পেস অলরাউন্ডার লিয়াস স্কটের। লিস্ট ‘এ’ ক্রিকেটে ব্যাট ও বল হাতে সম্ভাবনার ঝলক দেখানো এই ক্রিকেটারকে প্রথমবারের মতো আন্তর্জাতিক ওয়ানডে মঞ্চে দেখা যাবে। অস্ট্রেলিয়া দলে রয়েছেন অভিজ্ঞ লেগ স্পিনার এডাম জাম্পা ও ক্যামেরুন গ্রিন এবং ব্যাটার মারনাশ লাবুশানে।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া একাদশ: ম্যাথু শর্ট, কুপার কনলি, জশ ইংলিস, মারনাশ লাবুশানে, আলেক্স কেয়ারি, ক্যামেরুন গ্রিন, ম্যাট রেনশো, লিয়াম স্কট, জেভিয়ের বার্টলেট, ন্যাথান এলিস, অ্যাডাম জাম্পা।