প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
বিসিবি নির্বাচনের ফল প্রকাশর পর সংবাদ সম্মেলনে তামিম ইকবাল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভেঙে অ্যাডহক কমিটি ঠিক করার পর থেকেই শুরু হয়েছিল এক ধরনের ব্যঙ্গাত্মক আলোচনা। বিশেষ করে সংসদে হাসনাত আবদুল্লাহর বিসিবিকে ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ সম্বোধনের পর থেকেই প্রচার হচ্ছে এই নাম।
তবে এবার এই ট্যাগ পরিবর্তন করতে চান সদ্য নির্বাচিত বিসিবি সভাপতি তামিম ইকবাল। বিসিবির ১৮তম সভাপতি নির্বাচিত হওয়ার পর সংবাদ সম্মেলনে এই আশা প্রকাশ করেছেন সাবেক ক্রিকেটার।
সাংবাদিকের প্রশ্নে জবাবে তিনি বলেন,“ অবশ্যই, জানি যে (বিসিবিকে) অনেকে অনেক ধরনের ট্যাগ দিচ্ছে। এটা অবশ্যই তাদের ব্যক্তিগত মতামত। দেখি, বাপের দোয়ার থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি পারি না ভবিষ্যতে”।
গেল বছর মার্চেও ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছেন তামিম। এরপর ১৫ মাসের মধ্যে বদলে গেছে তার সব পরিচয়। গত দুই মাস বোর্ডের অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর এবার পূর্ণ মেয়াদে পেলেন বিসিবির সভাপতিত্ব।
তবে সভাপতি নির্বাচিত হওয়া অনেক বড় কিছু মনে করছেন না তামিম। বরং এটাকে বড় দায়িত্ব হিসেবেই দেখছেন সাবেক এই ওপেনার।
“এটা একটা দায়িত্ব। অনুভূতি খুব আলাদা কিছু নেই যে আমি এখন কিছু হয়েছি বা বড় কোনো কিছু হয়ে গিয়েছি। আমার মনে হয় এটা অনেক বড় দায়িত্ব। আর যেহেতু সময়-সময়ে আমি অনেক কথা বলেছি, তাই আমার মনে হয় এখন সেটা প্রমাণ করার সময়,” বলেছেন তামিম।
সংবাদ সম্মেলনে তামিমের কাছে ভবিষ্যৎ কর্ম-পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হলে যথাসময়ে সেসব জানানো হবে বলেন তিনি বলেন, “আমি সময়ে-সময়ে আপনাদের সঙ্গে আমার পদক্ষেপ, পরিকল্পনা ও আমার ইচ্ছা কী কী, সেগুলো সব জানাব। অ্যাডহক কমিটির প্রধান থাকতেই কিছু কাজ শুরু করে দিয়েছি। সেগুলো আশা করি দ্রুত শেষ করতে পারব।
“আর এখন আসলে সব পরিকল্পনা বলতে গেলে অনেক সময় লাগবে। তবে আমি ওয়াদা করছি, এসব নিয়ে সময়ে-সময়ে আপনাদের সব জানাব যে কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে। কারণ আপনারাও এই দেশের ক্রিকেটের বড় অংশীদার”।