শীর্ষে আর্জেন্টিনা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২ ঘণ্টা আগে
বিশ্বকাপকে সামনে রেখে মাঠের প্রস্তুতিতে ঘাম ঝরাচ্ছেন আর্জেন্টিনার ফুটবলাররা। ছবি সংগৃহীত
আর মাত্র ছয়দিন পরই পর্দা উঠছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। ফুটবল বিশ্বের সবচেয়ে বড় এই আসরের মাঠের লড়াই শুরু হওয়ার আগেই সুখবর পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রতিদ্বন্দ্বী ফ্রান্স ও স্পেনের হোঁচটে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করতে যাচ্ছে লিওনেল মেসির দল।
বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে
আইভরি কোস্টের কাছে ২-১ গোলে হেরেছে ফ্রান্স। অন্যদিকে ইরাকের বিপক্ষে ১-১ গোলে ড্র
করেছে স্পেন। দুই ইউরোপীয় পরাশক্তির এই পয়েন্ট খোয়ানোর সুযোগ কাজে লাগিয়ে র্যাঙ্কিংয়ের
এক নম্বরে উঠে এসেছে আর্জেন্টিনা।
তবে শীর্ষস্থান ফিরে পাওয়ার আনন্দের মাঝেই নতুন করে আলোচনায় এসেছে
ফুটবল বিশ্বের বহুল চর্চিত এক পরিসংখ্যান। ১৯৯৩ সালে ফিফা র্যাঙ্কিং ব্যবস্থা চালুর
পর থেকে বিশ্বকাপের আগে এক নম্বর অবস্থানে থাকা কোনো দলই শিরোপা জিততে পারেনি। দীর্ঘ
তিন দশকেরও বেশি সময় ধরে চলে আসা এই অদ্ভুত ধারাবাহিকতাকেই অনেক ফুটবলপ্রেমী ‘ফিফা
র্যাঙ্কিং অভিশাপ’ বলে আখ্যা দিয়ে থাকেন।
ইতিহাসও সেই দাবির পক্ষে বেশ কিছু উদাহরণ হাজির করে। ১৯৯৪ বিশ্বকাপে
শীর্ষ র্যাঙ্কিংধারী জার্মানি শিরোপা জিততে ব্যর্থ হয়, চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। ১৯৯৮
সালে এক নম্বর দল হিসেবে টুর্নামেন্ট শুরু করা ব্রাজিল ফাইনালে স্বাগতিক ফ্রান্সের
কাছে হার মানে। ২০০২ বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও শীর্ষ র্যাঙ্কিংধারী ফ্রান্স
গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৪ সালে টানা তিনটি বড় শিরোপা জিতে ব্রাজিলে বিশ্বকাপ
খেলতে যাওয়া স্পেনও গ্রুপ পর্বের বাধা পেরোতে পারেনি। সর্বশেষ ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে
যথাক্রমে জার্মানি ও ব্রাজিল এক নম্বর দল হিসেবে যাত্রা শুরু করলেও ট্রফি ছুঁতে পারেনি।
এদিকে চলতি বছর মার্চ থেকে ফিফা রিয়েল-টাইম র্যাঙ্কিং পদ্ধতি চালু
করেছে। ম্যাচের ফলাফল ও গোলের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে র্যাঙ্কিংয়ের পরিবর্তন দেখা
যাচ্ছে। বিশ্বকাপ শুরুর আগের দিন, ১০ জুন আনুষ্ঠানিকভাবে হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ
করবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
এখন সবচেয়ে বড় প্রশ্ন ফুটবল ইতিহাসের অন্যতম সফল তারকা লিওনেল মেসির
নেতৃত্বে আর্জেন্টিনা কি তিন দশকের পুরনো এই ‘র্যাঙ্কিং অভিশাপ’ ভাঙতে পারবে নাকি
বিশ্বকাপের মঞ্চে আবারও পুনরাবৃত্তি হবে ইতিহাসের।