প্রবা ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২২ ১০:১২ এএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২ ১৪:০২ পিএম
সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ক্রিশ্চিয়ানো রোনালদো
পর্তুগালের ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে এতদিন যে গুঞ্জন শোনা যাচ্ছিল, তা সত্যি হলো। সাবেক এই ম্যানচেস্টার ইউনাইটেড খেলোয়াড় সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে দুই বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন। সৌদি আরবের সংবাদমাধ্যমসূত্রে এ খবর প্রকাশ করেছে সিএনবিসি।
আল আরাবিয়া একটি টুইটে দাবি করেছে, ‘সৌদি আরবের আল নাসর আনুষ্ঠানিকভাবে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে দুই বছরের জন্য চুক্তি করেছে।’ চুক্তি মোতাবেক রোনালদো এ ক্লাব থেকে প্রতি বছর ১৭০ মিলিয়র পাউন্ড আয় করবেন।
কাতার বিশ্বকাপ চলাকালে পর্তুগালের কোচ এবং ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ও কর্মকর্তাদের সঙ্গে ঝামেলায় জড়ান সিআর সেভেন। শেষ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তিবিচ্ছেদ হয় তার। রোনালদো হয়ে যান ফ্রি এজেন্ট।
বিশ্বকাপের সময়ই শোনা গিয়েছিল, সৌদির ক্লাব আল নাসরে যাচ্ছেন এই পর্তুগিজ তারকা। তবে এ প্রসঙ্গে ধোঁয়াশাই রেখেছিলেন তিনি। বলেছিলেন, আল নাসর নিয়ে তিনি ভাবেন না। বিশ্বকাপ শেষ হতেই আবার খবরের কেন্দ্রে সিআর সেভেন।
এরিক টেন হ্য়াগ ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার পরই কড়া হাতে দলের রাশ টেনেছিলেন। তার কাছে সব খেলোয়াড় সমান। যাকে যে পজিশনে, যেভাবে প্রয়োজন সেভাবেই খেলাবেন। তারকা, অতীত পরিসংখ্য়ান নিয়ে মাথা ঘামাননি ম্য়ানইউ কোচ।
সেখান থেকেই ঝামেলার সূত্রপাত। তার মধ্যে রোনালদোর ফর্ম না থাকায় বহু ম্যাচেই তাকে রিজার্ভ বেঞ্চে বসে থাকতে হয়েছে। হাতে গোনা কিছু ম্য়াচে পরিবর্ত হিসেবে নামানো হয়েছিল তাকে; যা মানতে পারেননি পর্তুগিজ তারকা। তবে কোচের পাশে ছিল ক্লাব।
কাতার বিশ্বকাপের আগে পিয়ার্স মরগ্যানকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লাব সম্পর্কে নানা মন্তব্য করেন রোনালদো। দাবি করেন, ম্যানচেস্টার ইউনাইটেড তার সঙ্গে প্রতারণা করেছে।
ঝামেলার জেরে বিশ্বকাপের মধ্যেই ম্যানইউর সঙ্গে তাই বিচ্ছেদ হয় রোনালদোর। যাই হোক ইউরোপের কোনো ক্লাবে সেই অর্থে ঠাঁই না পেয়ে এশিয়ার ক্লাবেই শেষমেশ পাড়ি জমালেন রোনালদো।
আল নাসরের ক্রীড়া পরিচালক মার্সেলো সালাজার এর আগে ধোঁয়াশা রেখে সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘আমার হ্যাঁ বা না বলার অনুমতি নেই। আসুন অপেক্ষা করি বছরের শেষ পর্যন্ত এবং কীভাবে কী ঘটে, তা-ই দেখতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমি যা বলতে পারি তা হলো ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবল ইতিহাসের সেরাদের একজন। একজন অ্যাথলেট হিসেবে তিনি সব সময়ই আমার কাছে উদাহরণ হয়ে আছেন। তবে সবটা সঠিক সময়ে প্রকাশিত হবে।’