প্রবা ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২২ ১৫:২৬ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২ ১৬:৩৪ পিএম
দুর্ঘটনায় আহত ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্ত
ভারতের দিল্লি থেকে বাড়ি ফেরার পথে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্ত। ওই দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
রুরকির নারসানের কাছে হাম্মাদপুর ঝালের কাছেই ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
দুর্ঘটনার পর পন্তকে তড়িঘড়ি রুরকির এক হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে পরে দেরাদুনে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়। তারকা ক্রিকেটারের প্লাস্টিক সার্জারি করা হতে পারে বলেও জানা যাচ্ছে।
পন্ত মাথায় চোট পেয়েছেন। আঘাত লেগেছে তার পিঠেও। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে হাসপাতালের বেডে শুয়ে থাকা পন্তের মাথায় ব্যান্ডেজ দেখা যাচ্ছে।
দুর্ঘটনার পরই পন্তের গাড়িতে আগুন লেগে যায়। এসপি দেহাত স্বপন কিশোর বলেছেন, ‘হরিস্বার জেলায় মাংলাউর ও নারসানের মাঝামাঝি জায়গায় ক্রিকেটার ঋষভ পন্তের গাড়ি দুর্ঘটনায় পড়ে।
এক সিনিয়র পুলিশ অফিসার এনডিটিভিকে জানিয়েছেন, গাড়িতে পন্ত একাই ছিলেন। ডিভাইডারে ধাক্কা লাগার পরই পন্তের গাড়িতে আগুন লেগে যায়। উইন্ডস্ক্রিন গাড়ি থেকে বেরিয়ে আসেন পন্ত। তারকা ক্রিকেটার পায়ে চোট পেয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
উল্লেখ্য, ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি ও ওয়ান ডে, উভয় স্কোয়াড থেকেই বাদ পড়েন পন্ত।
টি-টোয়েন্টি স্কোয়াডে রয়েছেন দুই উইকেটকিপার ইশান কিষান ও সঞ্জু স্যামসন। ওয়ান ডে স্কোয়াডে ইশানের পাশাপাশি লোকেশ রাহুলকে উইকেটকিপার হিসেবে রেখেছে বিসিসিআই।