ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২২ ২১:৫২ পিএম
হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন বাবর আজম। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের মাঝেই জ্বরে ভুগছেন পাকিস্তানের নিয়মিত এ অধিনায়ক। এ কারণে করাচি টেস্টের তৃতীয় দিন মাঠেই নামেননি তিনি।
বাবর আজমের বদলে ফিল্ডিংয়ে নামেন একাদশ থেকে বাদ পড়া মোহাম্মদ রিজওয়ান। মাঠে নেমেই বাবরের অনুপস্থিতিতে রিজওয়ানই দেন দলকে নেতৃত্ব। ফিল্ডিং সাজাতেও দেখা যায় তাকে।
কিন্তু আইসিসি আইন বলছে, বদলি ফিল্ডার হিসেবে নেমে কখনো বোলিং করতে পারবে না কেউ। দিতে পারবে না নেতৃত্বও। রিজওয়ান সত্যি অধিনায়কত্ব করে থাকলে আইসিসি তাকে এখন শাস্তি দিতেই পারে।
বাবরের বদলি হিসেবে রিজওয়ান মাঠে নামলেও রিভিউ নেননি। কারণ ফিল্ডিং দলের ক্যাপ্টেনই কেবল রিভিউ নিতে পারেন। পাকিস্তানের হয়ে রিভিউ নেন চার বছর পর দলে ফেরা সরফরাজ আহমেদ। এর মানে বাবরের অনুপস্থিতিতে পাকিস্তানের কাপ্তান সরফরাজ। তাহলে রিজওয়ান ফিল্ডারের জায়গা বদল করলেন কেন?
বাবরের সঙ্গে শান মাসুদ ও আগা সালমানও জ্বরে আক্রান্ত। যে কারণে তারা দুজনেও খেলেননি। তবে মাঠে রিজওয়ানের কাণ্ড এখন রীতিমতো প্রশ্নবিদ্ধ। ক্রিকেট বোদ্ধাদের এখন একটাই জিজ্ঞাসা। বাবর, রিজওয়ান ও সরফরাজ - তিন জনই কি প্রথম টেস্টে পাকিস্তানের ক্যাপ্টেন?